অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন নানা কারণে—কখনও ব্যক্তিগত জীবন, তো কখনও প্রেম নিয়ে। তবে এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না তিনি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার অভিনয়জীবন নিয়ে। জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে (Kon Gopone Mon Bhesechhe) অনিকেতের চরিত্রে রোজ দর্শকদের মন জয় করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণজয় শেয়ার করলেন তার অভিনয়জীবনের কঠিন এক অভিজ্ঞতার কথা। তিনি জানালেন, তীব্র জ্বর সত্ত্বেও শুটিং বন্ধ রাখা সম্ভব হয়নি। অভিনেতার কথায়, “দুদিন আগেই মারাত্মক জ্বর ছিল। প্যারাসিটামল খেয়ে শুটিং করেছি। সেটে যাওয়ার পর ১০৪ ডিগ্রি জ্বর উঠে গিয়েছিল, কিন্তু তাও কাজ থামেনি। সেই জ্বর এখনও পুরোপুরি নামেনি, কিন্তু শুটিং চলছে।”
রণজয় আরও জানান, পরের দিন কিছুটা বিশ্রামের সুযোগ মিললেও বিকেল থেকেই আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে তাকে। তার কথায়, “আমাদের ছুটি বলে কিছু থাকে না। সকালেই যে এপিসোডের শুটিং করি, সেই রাতেই দর্শক সেই এপিসোড দেখে ফেলেন—এমনও হয়েছে। প্রতিদিনের চাপ এতটাই বেশি যে কখনো কখনো শরীর মানতে চায় না।”
আরও পড়ুনঃ টেলিপাড়ায় নতুন করে বিচ্ছেদের সুর! শ্রীপর্ণা রায়-শুভদীপ ভট্টাচার্যের দাম্পত্যে ফাটল?
এমন অভিজ্ঞতা শুধু রণজয়ের একার নয়। এর আগেও বহু অভিনেতা-অভিনেত্রী এই দুঃসহ শিডিউল ও পরিশ্রমের কথা বলেছেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকে ধারাবাহিক জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এমন পরিস্থিতিতে অভিনয়ে নিয়মিত থাকা এবং শত কষ্টেও পেশার প্রতি নিষ্ঠা রাখা সত্যিই প্রশংসনীয়।





