ছোট পর্দা ছেড়ে অনেকেই সিনেমা বা ওটিটিতে কাজ করছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে আবার একের পর এক জনপ্রিয় মুখ টেলিভিশনে ফিরছেন। সন্দীপ্তা, শ্রুতি ইতিমধ্যেই ফিরেছেন, এবার সেই তালিকায় যোগ দিচ্ছেন ‘বাহামণি’ খ্যাত রণিতা দাস।
অনেকদিন ধরেই জল্পনা চলছিল রণিতা কি আবার টেলিভিশনে ফিরবেন? তিনি এতদিন চুপ থাকলেও অবশেষে খবর নিশ্চিত হয়েছে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্টার জলসায় আসছে একটি নতুন ধারাবাহিক, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি।
এই নতুন ধারাবাহিকে রণিতার সঙ্গে থাকবেন এক জনপ্রিয় অভিনেতা, যাঁকে দর্শকরা আগেও ভিন্ন ধারাবাহিকে দেখেছেন। তাঁর পর্দার ইমেজ বরাবরই দর্শকদের মন জিতেছে। অন্যদিকে, রণিতা আগের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তাই তাঁদের একসঙ্গে দেখতে পাওয়ার খবরেই উচ্ছ্বসিত দর্শকরা।
তবে ধারাবাহিকটির নাম বা সম্প্রচারের সময় এখনো জানা যায়নি। গল্প নিয়েও মুখ খোলেনি কেউ। টিআরপি তালিকার ওপর ভিত্তি করেই চ্যানেল পুরোনো ধারাবাহিকের জায়গায় এই নতুন সিরিয়াল আনবে। কোন সিরিয়ালকে সরিয়ে আনা হবে, সেটা প্রকাশ পাবে আগামী দিনে।
আরও পড়ুনঃ অভিনয়ে জীবনের প্রতিচ্ছবি! ‘চিরসখা’-য় সন্তানের মৃত্যুশোক,পর্দায় ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ ‘মা’ মালবিকা, স্বামীকে হারানোর বেদনাই ফুটে উঠল অভিনেত্রীর মুখভঙ্গিতে
যা-ই হোক, রণিতার ছোট পর্দায় ফেরা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে। তাঁর জনপ্রিয়তা আর নতুন জুটির রসায়ন—দুটোই মিলিয়ে স্টার জলসার এই নতুন সিরিয়াল নিয়ে এখনই উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে।





