এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হচ্ছে সন্ধ্যা তারা (Sandhya Tara)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছেন অন্বেষা হাজরা। নায়ক হিসেবে রয়েছেন নবাগত অভিনেতা সৌরজিত ব্যানার্জি। দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছেন অমৃতা দেবনাথ। বর্তমানে এক ঝড়ের সম্মুখীন হয়েছে সন্ধ্যা তারার জীবন।
সন্ধ্যা তারা ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল দর্শকরা দেখেছিলেন, এক বোনের প্রতি আরেক বোনের এক অগাধ ভালোবাসার গল্প। এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। আর এই স্বার্থহীন ভাবে ভালবাসতে গিয়েই এইবার নিজের জীবনটাকে এক খাদের ধারে এসে দাঁড় করিয়েছে তারা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, সন্ধ্যা ঠিক করে, যার তার সাথে নয় বরং তারার সন্তানের আসল বাবার সাথে বিয়ে হবে তারার। কিন্তু সন্ধ্যা জানেনা যে তাকে এটা করতে হলে আগে নিজের সংসার ভাঙতে হবে। সন্ধ্যা ঠিক করে, তারকে নিয়ে সে কলকাতায় যাবে। নীল বাইরে থেকে সব শুনে নিজের মনকে প্রশ্ন করে সে কি এখনো তারাকে ভালোবাসে তখন তার ভেতর থেকে উত্তর আসে সে এখন সন্ধ্যাকে ভালোবাসে।
কিন্তু নীল নিজের দায়িত্ব থেকে কখনোই সরতে পারবে না। ওই সন্তান নীলের সেটা সে খুব ভালো করেই জানে। তাই তারার সাথে কথা বলে সে ঠিক করে তারাকে কলকাতায় রেখে আসবে নীল এবং সেখানেই তারা তার বাচ্চার জন্ম দেবে এবং সারা জীবন তার বাচ্চার দায়িত্ব নেবে নীল তবে সেটা দূর থেকে।
সেই মতন তারা রাতে নিজের ব্যাগ পত্র গুছিয়ে বেরোতে গেলেই তাকে ধরে ফেলে সন্ধ্যা। সন্ধ্যা তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে? তখন তারা বলে সন্ধ্যাই তো তাকে কলকাতায় নিয়ে যাবে বলেছিল, তাই সে ব্যাগ গুছিয়েছে। তখন সন্ধ্যা তারাকে বলে, সে তাকে কলকাতায় রেখে আসবে না। শুধুমাত্র আসল বাবাকে খুঁজে বের করার জন্যই তাদের যাওয়া। এরপর আর যাওয়া হয় না তারার। নীল বাইরে থেকে মনে মনে ভাবতে থাকে এ কোন অদ্ভুত সুতোয় তাদের তিনজনের জীবন বাঁধা পড়লো?





