‘তুই আমার হিরো’ ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়। আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেতা সায়ক চক্রবর্তী। ফুলছাপ স্কার্ট, গোলাপি শার্ট, চোখে গাঢ় আইলাইনার আর ঠোঁটে লিপস্টিক— সেই সঙ্গে মুখভর্তি দাড়ি-গোঁফ! এই সাজে ঋতম চরিত্রে তাঁকে দেখে দর্শকের একাংশের বিরক্তি প্রকাশ্যে ফেটে পড়েছে। কটাক্ষ থেকে কটু মন্তব্য— সব মিলিয়ে নেটদুনিয়ায় সায়কের এই রূপ হয়ে উঠেছে হট টপিক। অনেকের মতে, এই সাজ ‘হজম করা যায় না’।
ধারাবাহিকের গল্পে ঋতম একজন সমকামী চরিত্র। কিন্তু তার মা এই সত্যিটা লুকিয়ে রাখতে মরিয়া। এমনকি নায়িকার বোন কাঁকইয়ের সঙ্গে বিয়েও দেওয়া হয় ঋতমের। কিন্তু বিয়ের পরও স্ত্রীকে স্পর্শ করেনি সে। প্রতি রাতেই প্রেমিকের কাছে পৌঁছনোর চেষ্টা চালিয়েছে ঋতম। আর ঠিক এই টুইস্টের মধ্যেই দেখা মেলে সায়কের সাহসী সাজ। তবে দর্শকের অনেকেই প্রশ্ন তুলেছেন, এ ধরনের চরিত্রকে কি এভাবে উপস্থাপন করা দরকার ছিল?
বিতর্ক চূড়ান্ত আকার নেয় যখন এক দৃশ্যে প্রেমিকের সঙ্গে উদ্দাম নাচ করতে দেখা যায় ঋতমকে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়। শুরু হয় মন্তব্যবন্যা। কেউ লিখেছেন, “এ কী নষ্টামি!” কেউ বা বলছেন, “নতুন প্রজন্মের সামনে ভুল বার্তা ছড়ানো হচ্ছে।” দাড়ি-গোঁফ রেখে মেকআপে ঢেকে দেওয়া লুক একেবারেই মানতে পারেননি একদল দর্শক। তাঁদের মতে, পুরুষ চরিত্রকে জোর করে নারীর মতো সাজানো একটা অস্বস্তি তৈরি করছে।
যদিও সমালোচনার মুখে দমে যাননি অভিনেতা। সায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর কাজ সফল হয়েছে বলেই এত আলোচনা হচ্ছে। তাঁর মতে, এটাই আসল অভিনয়ের সার্থকতা— চরিত্রটা দর্শকের মনে আলোড়ন তুলেছে। সায়কের দাবি, বাস্তবেও এমন অনেক ঘটনা ঘটে, যা পরিবার চেপে রাখতে চায়। সেই বাস্তব ছবিটাই তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। তাই বিতর্ক যতই হোক, তিনি চরিত্র নিয়ে গর্বিত।
আরও পড়ুনঃ প্রথম স্থানে পাশাপাশি জি-জলসা! পুজোর আগে প্রতিযোগিতায় মত্ত দুই চ্যানেল! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
গল্পে সায়কের স্ত্রীর চরিত্রে রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়। তবে এখন মূল আলোচনায় একটাই বিষয়— ‘সমকামী’ চরিত্রে সায়কের সাহসী লুক আর প্রেমিকের সঙ্গে নাচ। কেউ তাঁকে কটাক্ষ করছেন, কেউ বা সমর্থন করছেন চরিত্রের বাস্তবতাকে। কিন্তু যাই হোক, ‘তুই আমার হিরো’ যে এই মুহূর্তে দর্শকের আলোচনার শীর্ষে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিতর্কই এখন এই ধারাবাহিকের সবচেয়ে বড় বিজ্ঞাপন।





