হঠাৎ শুটিং বন্ধ গীতা এলএলবি-র! ‘বাংলায় কাজ করতেই ভয় পাচ্ছি’, বললেন পরিচালক প্রযোজক স্নেহাশিস

এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের একটি জনপ্রিয় চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় যে ধারাবাহিকগুলো সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে হচ্ছে গীতা LLB (Geeta LLB)। এই ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় দর্শকদের বিনোদন উপহার দিচ্ছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকটি একজন সৎ এবং নিজের কাজের প্রতি নিষ্ঠাবান এক মহিলা এডভোকেটের গল্প উপস্থাপন করছে। অর্থের লোভে যেখানে প্রায় সবাই বিকিয়ে গেছে, সেখানে এই ধারাবাহিকের নায়িকা গরীব হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র লোভ না করে বিনা পারিশ্রমিকে অসহায় মানুষদের ন্যায় বিচার দিয়ে চলেছে। এই বিষয়টা ভীষণ ভালো লেগেছে ভক্তদের। ফলে এই মেগা বর্তমানে টিআরপি তালিকার প্রথম দশের মধ্যে অবস্থান করছে।

হঠাৎ করেই বন্ধ গীতা LLB-র শুটিং!

এদিন ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় বেশ অপমানিত বোধ করছেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী। জোরকদমে চলছিল গীতা LLB ধারাবাহিকের হিন্দি রিমেকের শুটিং। এই শুটিংয়ের মাঝেই হঠাৎ সেট ছেড়ে চলে যান কলাকুশলীরা। কারোর থেকেই এর সদুত্তর পাননি তিনি। একা সেটে বসে থাকেন প্রযোজক। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন “কেউ সদুত্তর দিতে পারেননি। সকলে চুপচাপ চলে গেলেন। আমি বোকার মতো চুপচাপ দেখলাম।”।

কী কারণে হঠাৎ বন্ধ হয়ে গেল স্নেহাশিসের শুটিং? সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তরে টলিউড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বক্তব্য, “ইদানীং সকল চ্যানেল পুরনো-নতুন ধারাবাহিক ওটিটি প্ল্যাটফর্মে দেখিয়ে দিচ্ছে। এতে তারা লাভবান হলেও মার খাচ্ছে টেলিপাড়া। সেটা বন্ধ করার নির্দেশ জানিয়ে ফেডারেশন বাংলা চ্যানেলগুলোকে চিঠি দিয়েছিল। অন্যান্য চ্যানেল ফেডারেশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ব্যতিক্রম স্নেহাশিস যে চ্যানেলের হয়ে কাজ করছে সেটি।” তিনি বলেন, চ্যানেল কর্তৃপক্ষর দাবি নতুন হিন্দি ধারাবাহিকটি ওটিটিতে দেখানো যাবে না— লিখিত ভাবে জানালেই তিনি রাতারাতি শুটিং শুরুর অনুমতি দেবেন। তিনি আরো জানান “স্নেহাশিসদার মতো সজ্জন ব্যক্তি দুটো নেই। তিনি সম্ভবত চ্যানেলের প্রতি ফেডারেশনের এই নির্দেশের কথা জানেন না। আমি কয়েক বার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। ব্যস্ততার কারণে সেটাও সম্ভব হয়নি।”

“এবার বাংলায় কাজ করতেই ভয় পাচ্ছি”- এমন কথা কেনো বললেন প্রযোজক?

এমন ঘটনা প্রযোজকের সঙ্গে আগে কখনো ঘটেনি। হতভম্ব স্নেহাশিস বলেন, স্বরূপ বিশ্বাস যদি বিষয়টি সম্পর্কে তাঁকে আগে সজাগ করতেন তা হলে এই বিশ্রী অঘটনটা ঘটত না। তিনি চ্যানেলের সঙ্গে ফেডারেশনের কথাবার্তা ইত্যাদি কোনো কিছুর বিষয়েই অবগত ছিলেন না। এখন অনেক কটাক্ষ শুনতে হচ্ছে তাঁকে। এ বার কি মুম্বই গিয়ে ধারাবাহিকের শুটিং করবেন? বিরক্ত প্রযোজক তথা পরিচালক বলেন, “এ সব ভাবার মতো মানসিকতা নেই এই মুহূর্তে। বাংলা ইন্ডাস্ট্রিতে এত দিন সৎ ভাবে কাজ করার ফল পেলাম। এ বার বাংলায় কাজ করতেই ভয় পাচ্ছি।”