বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সৌমি চক্রবর্তী এবং কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একসময় বেশ চর্চায় ছিল। দীর্ঘদিন একসঙ্গে থাকার পাশাপাশি দুই পরিবারের মধ্যেও বিয়ের আলোচনা এগিয়েছিল বলে জানা যায়। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ভাঙন ধরে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করা, তারপর যুগলের সব ছবি সরিয়ে দেওয়া, সব মিলিয়ে বিচ্ছেদের খবর স্পষ্ট হয়ে ওঠে।
বিচ্ছেদের কিছু মাস পর থেকেই নতুন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত মিলতে শুরু করে সৌমির সোশ্যাল মিডিয়ায়। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে-র আগে নিজের নতুন সঙ্গী দেবজ্যোতি রায় চৌধুরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এরপর থেকেই দুজনকে একসঙ্গে বিভিন্ন মুহূর্তে দেখা যাচ্ছে। সম্প্রতি দেবজ্যোতি একটি নতুন ছবি পোস্ট করতেই আবারও আলোচনায় উঠে এল এই জুটি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই ছবিতে গোলাপি শাড়িতে দেখা যায় সৌমিকে, আর দেবজ্যোতির পরনে ছিল কালো পাঞ্জাবি। দুজনের চোখেমুখে স্পষ্ট ধরা পড়ে প্রেমের আবেগ। ছবির ক্যাপশনেও ছিল ভালোবাসার ইঙ্গিতপূর্ণ কয়েকটি লাইন। তবে পোস্টটি প্রকাশ্যে আসার পরই কিছু নেটিজেন কটাক্ষ করতে শুরু করেন। কেউ মন্তব্য করেন, এই সম্পর্ক কতদিন টিকে তা দেখার অপেক্ষায় রয়েছেন। আবার কেউ দেবজ্যোতিকে নিয়েও কটূ মন্তব্য করেন।
জানা যায়, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের সেট থেকেই সৌমি এবং দেবজ্যোতির সম্পর্কের শুরু। সিরিয়ালের একটি দৃশ্যে দেবজ্যোতির সৌমির সিঁথিতে সিঁদুর পরানোর কথা ছিল। সেই সময়ই নাকি বাস্তবেও প্রেমের প্রস্তাব দেন অভিনেতা। পরে দেবজ্যোতি জানান, সেই মুহূর্তের পর থেকেই তিনি সৌমিকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে শুরু করেন। এরপর দুজনেই নিজেদের পরিবারের সঙ্গে সম্পর্কের কথা আলোচনা করেন এবং পরিবার থেকেও সম্মতি মেলে।
আরও পড়ুনঃ ‘প্লেয়িং ইলেভেনে জায়গা নেই?’ প্রশ্ন শুনেই মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়! দিলেন ক্যামেরা বন্ধের নির্দেশ!
এর আগে ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন সৌমি চক্রবর্তী। পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের আগে অভিনেতা শেহনওয়াজ খানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল চর্চায়। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করতেন তাঁরা। যদিও সেই সম্পর্কও টেকেনি। পরে পৃথ্বীশের সঙ্গে সম্পর্কে জড়ান সৌমি। এখন নতুন সম্পর্কে অভিনেত্রী কতটা সুখে থাকেন, সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।





