সুদীপ্তা রায়ের নাম এখন টেলিপাড়ায় খুব একটা নতুন নয়। যদিও এখন ধারাবাহিকে দেখা যাচ্ছে না, তবুও ইন্ডাস্ট্রির ভক্তরা জানেন—তিনি যে কোনও সময় কামব্যাক করতে পারেন। সম্প্রতি টলি ফোকাস ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার আর জীবনের গল্প শোনালেন সুদীপ্তা, আর সেটাই মন ছুঁয়ে যায়।
অনেকেই জানেন না, অভিনেত্রী হিসেবে নয়, সুদীপ্তার সফর শুরু হয়েছিল নাচ দিয়ে। হ্যাঁ, জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’ থেকেই প্রথম সবার নজরে আসেন তিনি। তখনও তিনি ভাবেননি অভিনয় করবেন। কিন্তু সেই মঞ্চ থেকেই খুলে যায় নতুন দরজা—ধারাবাহিকে সুযোগ।
আর প্রথম সিরিয়াল? কিংবদন্তি ‘চোখের বালি’! জি-বাংলায় ‘আশালতা’র চরিত্রে দুর্দান্ত পারফর্ম করে খুব কম সময়েই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। তখন ক্লাস নাইনে পড়ছেন, পড়াশোনার ফাঁকে অভিনয় সামলানো—সহজ ছিল না।
ত্রিপুরার ছোট্ট শহর থেকে উঠে আসা মেয়ে, কলকাতার মত শহরে নিজের জায়গা তৈরি করাটা ছিল কঠিন। ভাষার পার্থক্য, পরিবেশের চাপ—সবকিছুর সঙ্গে লড়াই করতে হয়েছিল। কিন্তু তখন পাশে ছিলেন একমাত্র মা। মেয়ের স্বপ্নকে বাস্তব করতে তিনিই নিয়ে আসেন কলকাতায়, ভাড়া বাড়িতে শুরু হয় নতুন লড়াই।
এরপর একে একে ‘আদরিনী’, ‘ক্ষীরের পুতুল’, ‘ফেরারি মন’-এর মতো ধারাবাহিকে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। যদিও সংখ্যায় খুব বেশি কাজ নয়, কিন্তু যেগুলি করেছেন—প্রত্যেকটি স্মরণীয়।
আরও পড়ুনঃ জি-বাংলায় নতুন ধারাবাহিক! স্কুটিতে গোপাল? ‘তুলসি ধামের নাড়ু গোপাল’-এর প্রোমো নিয়ে চমক
সুদীপ্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজ যে জায়গায় তিনি পৌঁছেছেন—তার পুরোটাই মা-বাবার জন্য। ওঁদের ত্যাগ ছাড়া কিছুই সম্ভব হতো না। আর তাই অভিনয়ের বাইরে থাকলেও, স্টেজে বা পর্দায় আবার ফিরে আসার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
এ বছর মহালয়ায় দেখা যাবে তাঁকে বিশেষ চরিত্রে। আর কে জানে—সেখান থেকেই হয়তো আবার শুরু হবে তাঁর নতুন ইনিংস!





