নিজের মেয়ের জন্য লড়াই করবে সুচরিতা! সব অধিকার ছেড়ে সুচরিতাকে কিছুতেই অসহায় হতে দেবে না শিমুল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, হাজার এক ফন্দি এটেও শিমুলকে তাড়াতে পারল না পলাশ পরাগ প্রতীক্ষা। ঠিক মাথা উঁচু করে থেকে গেল শিমুল। অন্যদিকে দেখা যায় মারা গিয়েছে সুচরিতার স্বামী রুদ্র। কিছুদিন ধরেই কর্কট রোগে আক্রান্ত হয়ে নিজের স্ত্রী সন্তানের কাছে ফিরে এসেছিল সে।

কয়েকটা দিন নিজের সবটুকু দিয়ে স্বামীর সেবা করে গিয়েছে সুচরিতা। তার সাথে তার স্বামী যে এত বড় প্রতারণা করেছে, সেই সব কিছুই আর মনে রাখেনি সে। বিপদের দিনে যতটা সম্ভব স্বামীর সেবা শুশ্রূষা করেছে সুচরিতা। কিন্তু এত কিছুর পরেও সুচরিতাকেই তার স্বামীর মৃত্যুর জন্য দোষারোপ করে তার শ্বশুর বাড়ি।

এতদিন নিজের বুক দিয়ে তার স্বামীকে আগলে রেখেছিল সুচরিতা। শুধুমাত্র তার জন্যই এই বাড়িতে পড়েছিল সে আর আজ তাকে সমস্ত দোষের ভাগীদার করা হচ্ছে! সুচরিতার ওপর এই অবিচার দেখে প্রচন্ড রেগে যায় শিমুল বিপাশারা।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সুচরিতার স্বামীর প্রেমিকা হঠাৎ করেই রুদ্র প্রপার্টি জায়গা জমির কথা তুললে সুচরিতা বলে তার কিছুই চাই না। কিন্তু তখন শিমুল বলে, “তুমি কেন লোকের কাছে হাত পেতে মেয়েকে মানুষ করবে? নিজের সমস্ত অধিকার বুঝে নেবে। কিছু ছাড়বে না।”