শ্রেয়া ঘোষালের কটক শো-তে চরম বিশৃঙ্খলা! ভিড়ের চাপ, আতঙ্কে জ্ঞান হারালেন একাধিক দর্শক!

কটকে শ্রেয়া ঘোষালের প্রথম লাইভ কনসার্ট ঘিরে ছিল প্রবল উত্তেজনা। বালি যাত্রা ময়দানে সন্ধ্যা নামতেই ঢল নামে ভক্তদের। প্রিয় গায়িকাকে দেখতে যেন উচ্ছ্বাসের বিস্ফোরণ। ক্ষণে ক্ষণে বেড়ে উঠছিল মানুষের চাপ। শুরু থেকেই নিরাপত্তাকর্মীরা ভিড় সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে ওঠে।

শ্রেয়া মঞ্চে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই দর্শকদের একাংশ হুড়মুড় করে সামনে এগোতে থাকে। কে আগে দেখে, কে আগে শোনে—এই প্রতিযোগিতায় মুহূর্তে তৈরি হয় ধাক্কাধাক্কি। তিল ধারণের জায়গা ছিল না মাঠে, আর সেই ভিড়ের চাপে কয়েকজন টাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কের পরিবেশে কেউ হারান সংজ্ঞা, কারও চোট লাগে হাঁটু বা কনুইয়ে।

প্রশাসন সূত্রে জানা যায়, এক পর্যায়ে কনসার্ট বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মাঠের ভিতরে ঢুকতে হয়। দ্রুত আহতদের বাইরে এনে চিকিত্‍সার ব্যবস্থা করা হয়। যদিও কোনও বড় দুর্ঘটনা হয়নি, তবুও এই বিশৃঙ্খলা দর্শকদের মনে দাগ কেটে যায়।

পরে পুলিশ কমিশনার জানান, “ভিড় সত্যিই বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। আতঙ্ক ছড়ালেও আমরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়েছি। একজনের সামান্য চোট লেগেছে, বাকিদের অবস্থা স্থিতিশীল।”

পরিস্থিতি সামাল দেওয়ার পর আবার শুরু হয় সাংগীতিক সন্ধ্যা। শ্রেয়া একে একে গেয়ে শোনান তাঁর জনপ্রিয় সব গান—আর সেই সুরে আবারও মেতে ওঠে কটক। তবে ভক্তরা বলছেন, আনন্দের রাতটায় আতঙ্কের ছোঁয়া রয়ে গেল।