সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নতুন অভিযোগ! লক্ষাধিক টাকার প্র’তারণা! হু’মকির অভিযোগে থানায় দায়ের হলো মামলা!

টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীকে ঘিরে ফের নতুন বিতর্ক তৈরি হয়েছে। লক্ষ লক্ষ টাকার প্রতারণা এবং এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে টালিগঞ্জের চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। এদিকে অভিযোগকারী ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্যও তুলে ধরেছেন।

শেখ শাহিদ ইমামের দাবি, ২০২১ সালে একটি ছবির প্রযোজনার কাজে তিনি ৬৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। প্রথমে ছবিটির নাম ছিল ‘মানিকজোড়’, পরে সেটির নাম বদলে রাখা হয় ‘পাকা দেখা’। তাঁর অভিযোগ, ছবি মুক্তির পর ভালো ব্যবসা হলেও লাভের অংশ আর তিনি পাননি। টাকা ফেরত বা প্রাপ্য অর্থের দাবি জানালে বারবার বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগকারী আরও জানিয়েছেন, একসময় সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে টাকা চাইতেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, তাঁকে বলা হয়েছিল টাকা নিয়ে চাপ সৃষ্টি করলে বড় সমস্যায় পড়তে হবে। পরে সোহম চক্রবর্তীর সঙ্গে সরাসরি কথা হলেও অভিনেতা নাকি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনও অর্থ ফেরত দিতে পারবেন না।

ব্যবসায়ীর অভিযোগ, ঘটনার সময় সোহম বিধায়ক ছিলেন এবং সেই প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল। এছাড়াও ‘পাকা দেখা’ ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রির পরও তাঁর প্রাপ্য অর্থ দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে।

এটি অবশ্য সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। চলতি বছরের জুন মাসেও এক ব্যবসায়ী তাঁর সংস্থা ‘সোহম এন্টারটেইনমেন্ট’-এ বিনিয়োগ করা ১ কোটি ৫ লক্ষ টাকা ফেরত না পাওয়ার অভিযোগ করেছিলেন। অভিযোগ ছিল, একটি ছবির জন্য সেই অর্থ নেওয়া হলেও পরে ছবিটি আর তৈরি হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি। এবার ফের টালিগঞ্জের অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।