সিনেমাকেও হার মানায় সৌরভ ডোনার প্রেম কাহিনি! আবেগ আর বিশ্বাসে গড়া এক দীর্ঘ পথচলা! বিয়ের প্রথম রাতে স্ত্রীকে কি উপহার দিয়েছিলেন মহারাজ?

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনার প্রেমের গল্প শুনলে অনেকেই বলবেন এটি যেন ঠিক কোনও সিনেমার চিত্রনাট্য। কিশোর বয়সেই প্রেমে পড়েছিলেন মহারাজ। তখন তাঁরা ছিলেন পরস্পরের প্রতিবেশী। কিন্তু বেহালার গাঙ্গুলি আর রায় পরিবারের সম্পর্ক মোটেও মসৃণ ছিল না। বাধা বিপত্তি সত্ত্বেও প্রেম থামেনি। পরিবারের অমতে ১৯৯৬ সালের অগস্ট মাসে আইনি বিয়ে সেরে ফেলেন সৌরভ ও ডোনা। সেই সময় বিষয়টি গোপনই ছিল। এক বছর পর সমস্তটা প্রকাশ্যে এলে সামাজিক রীতি মেনে চার হাত এক হয় দুজনের। সাহস আর ভালোবাসার এই সিদ্ধান্ত আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণা।

দেখতে দেখতে আড়াই দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়ে ফেলেছেন এই তারকা দম্পতি। তাঁদের একমাত্র কন্যা সানা গঙ্গোপাধ্যায় বর্তমানে লন্ডনে কর্মরত। পরিবারকে ঘিরেই এখন সৌরভের অবসর সময় কাটে। ক্রিকেট মাঠের বাইরেও সৌরভের ব্যক্তিত্ব ও ক্যারিশ্মা বরাবরই নজর কাড়ে। দাদাগিরির মঞ্চে তাঁর সাবলীল উপস্থিতি এবং হাসিখুশি মনোভাব দর্শকদের মন জয় করে নিয়েছে বহুবার। ক্রিকেটার হিসেবে যেমন তিনি লড়াকু ছিলেন তেমনই ব্যক্তি সৌরভ পরিবারকেন্দ্রিক এবং আবেগপ্রবণ।

জি বাংলার জনপ্রিয় গেম শো দাদাগিরির মঞ্চে একাধিকবার উঠে এসেছে সৌরভের ব্যক্তিগত জীবনের নানা গল্প। ডোনার সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে অনেক অজানা কথাই সেখানে শেয়ার করেছেন তিনি। একবার অতিথি হিসেবে হাজির ছিলেন গায়ক সিধু। সেই দিনই সামনে আসে ডোনার একটি পুরোনো সাক্ষাৎকার। যেখানে তিনি তাঁদের দাম্পত্য জীবনের এক বিশেষ মুহূর্তের কথা তুলে ধরেন যা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকেরা।

ডোনা জানিয়েছিলেন বিয়ের রাতেই সৌরভ তাঁকে দিয়েছিলেন এক অনন্য উপহার। লর্ডসে খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে পাওয়া সোনার ব্রিটিশ মুদ্রা একটি লকেটে ভরে মোটা সোনার চেনে গেঁথে সেটি তাঁর গলায় পরিয়ে দিয়েছিলেন সৌরভ। মাঠের কঠিন লড়াইয়ের আড়ালে যে কতটা প্রেমিক মন লুকিয়ে ছিল তা এই ঘটনাতেই স্পষ্ট। এই কথা প্রকাশ্যে আসতেই লজ্জায় লাল হয়ে যান সৌরভ। হাসিমুখে বলেন সবকিছু আবার মনে পড়ে গেল অনেক দিন হয়ে গেছে। হাততালিতে ভরে ওঠে গোটা মঞ্চ।

ডোনা নিজে দেশের অন্যতম প্রথিতযশা ওডিসি নৃত্যশিল্পী। গুরু কেলুচরণ মহাপাত্রের শিষ্যা হিসেবে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তাঁর নৃত্যদলের নাম দীক্ষা মঞ্জরি। সৌরভ ও ডোনার রসায়ন আজও দর্শকদের মুগ্ধ করে। সৌরভের জীবনের দীর্ঘতম পার্টনারশিপ তাঁর দাম্পত্য জীবনই। প্রায় পঁয়ত্রিশ বছর একসঙ্গে কাটিয়ে আজও অটুট রয়েছে তাঁদের ভালোবাসা। অনুরাগীদের একটাই কামনা এই সম্পর্ক এমনই অটল থাকুক আজীবন।