নতুন এক অবতারে দর্শকদের সামনে আসতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। পরিচালক অয়নচক্রবর্তী-এর পরিচালনায় হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’। এই সিরিজে প্রথমবার ঠাকুমার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে, যেখানে রহস্যের জট খুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি। আগামী ২০ মার্চ সিরিজটি মুক্তি পাওয়ার কথা।
ওয়েব সিরিজ মুক্তির আগে এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। চরিত্র বাছাই থেকে শুরু করে ইন্ডাস্ট্রির নানা অভিজ্ঞতা নিয়েও মত প্রকাশ করেন তিনি। তবে বিশেষভাবে উঠে আসে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের প্রসঙ্গ, যা নিয়ে সম্প্রতি বেশ কয়েকবার শিরোনামে এসেছেন শ্রাবন্তী।
ট্রোলিং নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, সব কিছুরই একটা সীমা থাকা উচিত। তাঁর মতে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করেন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ট্রোল করা হয় বলে উল্লেখ করেন তিনি। অভিনেত্রীর দাবি, শুধু তিনিই নন, তাঁর অনেক সহকর্মীকেও নিয়মিত কটূক্তির মুখে পড়তে হয়।
এই পরিস্থিতিতে কিছুদিন আগে প্রশাসনের দ্বারস্থও হয়েছিলেন শ্রাবন্তী। তাঁর কথায়, বাকস্বাধীনতা থাকলেও তার অপব্যবহার করা ঠিক নয়। অনেকেই নিজের হতাশা বা রাগ সোশ্যাল মিডিয়ায় অন্যদের উদ্দেশে প্রকাশ করেন, যা গ্রহণযোগ্য নয় বলেই মনে করেন তিনি।
আরও পড়ুনঃ নতুন প্রোমোতেই বড় চমক! বাবার সত্য ফাঁস করল কম্পাস! অপহরণে থমকে গেল বিহানের বাগদান!
তবে ট্রোলিংয়ের কারণে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার পক্ষে নন অভিনেত্রী। শ্রাবন্তীর মতে, এই মাধ্যমেই তিনি দর্শকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং কাজের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি চান, এমন আইন তৈরি হোক যাতে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য বা অপমানজনক আচরণ কমে এবং সবাই দায়িত্ব নিয়ে মত প্রকাশ করেন।





