সিনেমা জগতে তাঁর নাম শুনলেই রহস্যের গন্ধ পাওয়া যায়। এবার সেই রহস্য নিয়েই বিদেশের মাটিতে পা রাখতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। বাংলা ও বলিউডের পর এবার সরাসরি লন্ডনে তৈরি হচ্ছে তাঁর নতুন ইংরেজি ছবি— ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ (Elementary My Dear Holmes)। আর্থার কোনান ডয়েলকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই ছবিটি।
লন্ডন থেকে আনন্দবাজার ডট কমকে সৃজিত নিজে জানিয়েছেন, এই ছবির পরিচালক এবং সহ-প্রযোজক দু’য়ের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। তাঁর প্রযোজনা সংস্থা ম্যাচকাট প্রোডাকশনস এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড মিলে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। গল্প শুরু হবে এক ভয়ঙ্কর খুনের মামলা দিয়ে— মিসেস গিলক্রিস্ট নামের এক মহিলার হত্যার অভিযোগে ধরা পড়বেন অস্কার স্লেটার। কিন্তু তিনি কি সত্যিই খুনি? নাকি এই মামলার পেছনে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনো রহস্য? এই প্রশ্নের উত্তর আপাতত গোপন রেখেছেন পরিচালক।
সৃজিত জানিয়েছেন, শার্লক হোমস তাঁর কিশোর বয়সের নায়ক। যিনি তাঁকে রহস্যের জগতে টেনে এনেছেন, সেই আর্থার কোনান ডয়েলকেই তিনি শ্রদ্ধা জানাতে চান এই ছবির মাধ্যমে। তাঁর কথায়, “যিনি হোমসকে সৃষ্টি করেছেন, তাঁর জীবনও কম রোমাঞ্চকর নয়। সেটাই দর্শকদের সামনে আনতে চাই।”
প্রযোজক শাহনাব আলমও সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে ভীষণ আশাবাদী। তিনি বলেন, “সৃজিতের কাজের মান নিয়ে কোনো সন্দেহ নেই। তাঁর ছবিগুলিতে সব সময়ই একটা আলাদা ভাবনা থাকে। তাই এই ইংরেজি ছবিটিও নিশ্চিতভাবেই আন্তর্জাতিক মানের হবে।”
আরও পড়ুনঃ প্রথম পাঁচ থেকে প্রায় হারিয়ে গিয়েছে জলসা! সিংহাসনে পরিণীতা! টিআরপি তালিকা জুড়ে জি বাংলার দাপট!
তবে দর্শকদের কৌতূহল এখন এক জায়গাতেই— কে হবেন গোয়েন্দা শার্লক এবং তাঁর সাহিত্যিক সঙ্গী ডয়েল? সেই রহস্য আপাতত চুপিচুপি জমিয়ে রাখছেন সৃজিত। হয়তো ঠিক সময়েই জানাবেন তিনি— কারণ রহস্য গোপন রাখার কৌশল তো তিনি ভালোই জানেন!





