ছোটপর্দার পরিচিত মুখ সৈয়দ আরেফিন এবার জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। দীর্ঘদিন টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পর এবার তাঁর লক্ষ্য বড়পর্দা। যে ধারাবাহিকেই তিনি কাজ করেছেন, সেগুলোর জনপ্রিয়তা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করেই এবার সিনেমার জগতে নিজের পরিচয় গড়তে চান তিনি।
সূত্রের খবর, প্রথমবার বড়পর্দায় নায়কের চরিত্রেই দেখা যাবে তাঁকে। শুধু অভিনয় নয়, এই ছবির সঙ্গে সহ প্রযোজক হিসেবেও যুক্ত থাকতে পারেন আরেফিন। ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং চিত্রনাট্য নিয়ে জোরকদমে কাজ চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই নতুন প্রজেক্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
নায়িকার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, ছোটপর্দার পরিচিত মুখের বদলে নতুন কাউকে সুযোগ দিতে চাইছেন আরেফিন। থিয়েটার থেকে কোনও প্রতিভাবান অভিনেত্রীকে নেওয়ার ভাবনাও রয়েছে তাঁর। গল্পের প্রয়োজন অনুযায়ী একদম নতুন মুখ খোঁজা হচ্ছে এবং সেই কারণে ভবিষ্যতে অডিশনের আয়োজন করা হতে পারে বলেও জানা যাচ্ছে।
ছবির গল্প হবে রোমান্টিক ধাঁচের, যেখানে আরেফিনকে দেখা যাবে এক আদর্শ প্রেমিকের চরিত্রে। এই ধরনের চরিত্রে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। যদিও এই মুহূর্তে ছবির বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাইছেন না অভিনেতা, সব কিছু ঠিক সময়ে জানানো হবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ টালিগঞ্জে নতুন লড়াই! প্রার্থী হয়ে বড় বার্তা পাপিয়ার! রাজনৈতিক মহলে বাড়াচ্ছে তারকাদের নাম!
উল্লেখ্য, সম্প্রতি সান বাংলার ধারাবাহিক পুতুল টিটিপিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে খেয়ালী মণ্ডলের সঙ্গে তাঁর জুটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর নতুন কাজের প্রস্তাব এলেও তিনি অপেক্ষা করেছেন ভিন্ন কিছু করার জন্য। এবার বড়পর্দায় তাঁর এই নতুন যাত্রা দর্শকদের কতটা মন জয় করে, সেটাই এখন দেখার।





