বয়স বাড়লে শুধু শরীরই নয়, একা থাকার কষ্টও বাড়ে। এই জীবনের শেষ প্রান্তে এসে বহু মানুষই আর পায় না পরিবার বা সন্তানদের ভালোবাসা। কেউ ঠাঁই পান বৃদ্ধাশ্রমে, কেউ আবার শহরের ব্যস্ত রাস্তার ধারে— অবহেলিত, একা, নিঃসঙ্গ। অথচ এঁরাও তো আমাদের মতোই মানুষ। ভালোবাসা, যত্ন আর সম্মানের প্রয়োজন এঁদেরও হয় ঠিক ততটাই, যতটা আমরা চাই।
আজকের দিনে যেখানে অনেকেই বয়স হলে বাবা-মাকে ‘বোঝা’ ভাবে, সেখানে তাঁদের পাশে দাঁড়ায় খুব কম মানুষ। হ্যাঁ, ছোটদের দত্তক নেওয়ার অনেক গল্প আমরা শুনি, গ্রামের দায়িত্ব নেওয়ারও উদাহরণ আছে বহু। কিন্তু বয়স্ক, অসহায় মানুষদের দত্তক নেওয়ার কথা ক’জন ভাবি?
এই প্রশ্নেরই এক অসাধারণ উত্তর দিয়ে নজির গড়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা *রামচরণ-এর স্ত্রী *উপাসনা কোনিদেলা।
সম্প্রতি জানা গেছে, তিনি যুক্ত হয়েছেন ভারতের এক বৃহৎ সামাজিক প্রকল্পের সঙ্গে। উদ্দেশ্য একটাই— ভারতের নানা প্রান্তের বৃদ্ধাশ্রমগুলিকে দত্তক নেওয়া, আর সেখানকার প্রবীণ মানুষগুলোর জীবনে ফিরিয়ে আনা সম্মান, সুরক্ষা আর একটু শান্তি।
‘দত্তক’ মানে শুধু নামমাত্র নয়! উপাসনার এই উদ্যোগে বৃদ্ধাশ্রমের প্রত্যেক বাসিন্দার জন্য থাকবে খাবার, ওষুধ, চিকিৎসা এবং মানসিক যত্নের ব্যবস্থাও। জন্মদিন বা উৎসবের দিনগুলোও থাকবে উদযাপনের তালিকায়।
এই পুরো কাজটা তিনি করছেন ‘বিলিয়ন হার্টস বিটিং’ নামে একটি প্রকল্পের মাধ্যমে, আর এখনও পর্যন্ত ১৫০টিরও বেশি বৃদ্ধাশ্রম দত্তক নিয়েছেন উপাসনা!
এক সাক্ষাৎকারে উপাসনা বলেছেন, “এই বয়সে মানুষের একটাই চাহিদা— একটু যত্ন, ভালো খাওয়া, আর একটু সম্মান। আমরা সেটা দেওয়ারই চেষ্টা করছি।”
তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন— এটা কোনো দান বা দয়ার প্রকল্প নয়, বরং যাঁদের পরিবার নেই, তাঁদের জন্য এটা হবে এক মর্যাদাপূর্ণ ও নিরাপদ ঠিকানা।
এই খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রী উপাসনার প্রশংসায় মুখর হয়েছেন বহু তারকা, রামচরণ-এর সহ অভিনেতারাও সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন শুভেচ্ছা।
আরও পড়ুনঃ ভোটে দাঁড়াবেন সায়ক? রাজনীতির প্রশ্নে কী বললেন ছোটপর্দার অভিনেতা?
সত্যিই তো, যখন পরিবার মুখ ফিরিয়ে নেয়, তখন যদি কেউ এসে আপন করে নেয়, তার চেয়ে বড় ভালোবাসা আর কী হতে পারে! উপাসনার এই পথচলা শুধু একজন মানুষের কাজ নয়, বরং সমাজকে দেখিয়ে দেওয়া— দায়িত্ববোধ আসলে দেখতে কেমন হয়।
এই উদাহরণ সত্যিই শেখায়, যে ভালোবাসা শুধু রক্তের সম্পর্কেই আটকে থাকে না… তা হৃদয় থেকে জন্ম নেয়।





