গাড়ির মধ্যে দুর্ব্যবহার? শ্রদ্ধার অভাব, ভদ্রতার ঘাটতি “এই আপনি ছেলেকে শিক্ষা দিয়েছেন! শিষ্টাচার জানে না”—আবির চ্যাটার্জীকে একহাত নিলেন বিপ্লব চ্যাটার্জী!

টলিউডে আবার বিতর্কের ঝড়! আর সেই কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী। ঠোঁটকাটা বলে তাঁর একটা আলাদা পরিচিতি আছে ইন্ডাস্ট্রিতে। কে কী ভাবল, তা নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই—যা মনে হয়, সরাসরি বলে ফেলেন। এবার তার নিশানায় আবির চ্যাটার্জী!

সম্প্রতি ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিপ্লব চ্যাটার্জী স্পষ্ট অভিযোগ তুললেন—আবির তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। শুধু তাই নয়, অভিনেতা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি আবিরের বাবা ফাল্গুনী চ্যাটার্জী-কেও প্রশ্ন করেছেন, “এই আপনি শিক্ষা দিয়েছেন ছেলেকে?” কিন্তু তাঁর কথায়, “উনি চুপ। একদম চুপ।”

ঘটনা ঠিক কী?
একবার একটা গাড়ি শেয়ার করছিলেন তারা দুজন। গন্তব্য আলাদা ছিল—আবির যাচ্ছিলেন কালিকাপুর, আর বিপ্লববাবু যাচ্ছিলেন দেশপ্রিয় পার্ক। গাড়ির চালককে আবির নাকি পরিষ্কার বলে দেন, “আগে আমাকে নামাও, তারপর ওঁকে।”
এই ছোট্ট ঘটনাই যেন বুকের ভেতর একটা ধাক্কা দেয় বিপ্লব চ্যাটার্জীকে।

তাঁর নিজের কথা,

“আমরা আগে সৌমিত্রদাকে গাড়িতে তুলে পৌঁছে দিয়ে তবে নিজের বাড়ি ফিরতাম। এটা বাড়াবাড়ি নয়, স্বাভাবিক শ্রদ্ধা। এখনকার ছেলেমেয়েরা অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু মানুষ হওয়ার শিক্ষাটা পায়নি।”

শুধু আবির নন…
সাক্ষাৎকারে তাপস পাল ও অভিষেক চ্যাটার্জী সম্পর্কেও তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নেন বিপ্লব। তাপসের কথা বলতে গিয়ে জানান, একবার তাপস মারাত্মক আহত হয়েছিলেন, মাথায় লেগেছিল হেলিকপ্টারের পাখায়, পড়ে ৩৪টা সেলাই, রক্ত দিয়েছিলেন তিনিই।
তবুও পরে তাপস নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।

তাঁর গলায় খানিক বিষাদের ছোঁয়া:

“ভালো অভিনেতা ছিল তাপস, কিন্তু শেষের দিকে ব্যবহারটা ঠিক ছিল না। ওদের গান স্যালুট দেওয়া আমার ভালো লাগেনি। সেটা শহীদ বা নেতারা পান।”

অতীতেও বিতর্কে ছিলেন বিপ্লব চ্যাটার্জী এর আগেও অনেকবার ইন্ডাস্ট্রির নানা দিক নিয়ে মুখ খুলেছেন—পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে। লীনা গাঙ্গুলী সম্পর্কেও একসময় বিতর্কিত মন্তব্য করেছিলেন, পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন, বলেন—“উত্তেজনায় বলে ফেলেছিলাম।”

টলিউডে সিনিয়র-জুনিয়র সম্পর্ক নিয়ে এমন বিতর্ক নতুন নয়। কিন্তু আবির চ্যাটার্জীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। এখন দেখার, এই প্রসঙ্গে আবির বা তাঁর পরিবার কোনও প্রতিক্রিয়া দেন কি না।