অভিনয় জগতের কলাকুশলীরা একে অপরের সাফল্যে খুশি হলেও তাঁদের মধ্যে ক্রমাগত চলতে থাকে ঠান্ডা লড়াই। মাঝেমধ্যেই সেই রেষারেষির প্রতিফলন দেখা যায়। বর্তমানে টলিউড সুপারস্টার দেব (Dev)। অন্তত তেমন নামেই তাঁকে আখ্যায়িত করেছে টলিপাড়া। ঝকঝকে লাইমলাইটে দেবের উপস্থিতি মানেই সেটা অন্যমাত্রা। একের পর এক হিট ছবির হাত ধরে খ্যাতির শীর্ষে রয়েছেন অভিনেতা দেব।
সামনে হাসিমুখ থাকলেও আড়ালে দেবের সঙ্গে ঠান্ডা লড়াই চলে টলিউডের (Tollywood) অনেক অভিনেতার। তাঁরই একঝলক চলে এল প্রকাশ্যে। সম্প্রতি দেব সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। তারপরেই আলোচনা শুরু হয়েছে সর্বত্র।
সম্প্রতি মুক্তি পেয়েছে যশ-নুসরত অভিনীত ছবি ‘সেন্টিমেন্টাল’ (Sentimental)। ছবিটির বক্সঅফিস রেকর্ড নজর কাড়েনি। নিজ অভিনয় কেরিয়ারে তেমন হিট ছবি এখনও হাতে আসেনি যশের। তবে আগামী দিনে যে তিনি ঠিকই শিখর ছোঁবেন তা নিয়ে আশাবাদী অভিনেতা। এরইমধ্যে এক সাক্ষাতকারে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা। মন্তব্যের শুরুতেই বললেন, “দেব কি ভাববেন তা তিনি জানেন না…।”
আসলে অভিনেতা যশ দাশগুপ্তর বক্তব্য, দেবের উচিত ছিল অনেক আগের থেকেই দুই ধরনের ছবি করার। কমার্শিয়াল ছবির দিকে দেবের আসা উচিত ছিল অনেক আগেই। তাঁর আরও বক্তব্য, এখন দেব ‘পাগলু ডান্স’ নাচতে বিব্রত বোধ করেন। তাঁর এই বক্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে সিনেমহলে।
এর পাশাপাশি, যশ অভিনেতা জিতের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেন নায়কের মতো নায়ক হলেন জিৎ। তিনি একা বাংলা কমার্শিয়াল মুভিকে টেনে নিয়ে যাচ্ছেন। ইন্ডাস্ট্রিতে সেভাবে মেশেন না। নিজের মতো থাকেন। তাই যশের মতে, দেবের ‘প্রধান’-এর চাইতে জিৎ-এর ‘মানুষ’ হিট হওয়া অনেক বেশি জরুরি ছিল।





