গোলগাল মুখ, মাথায় ফুলের মুকুট আর গয়নায় মোড়া রাজকীয় সাজে সিংহাসনে বসে আছে একরত্তি শিশু। পাশে দাঁড়িয়ে খুদে বড় দাদা। যেন গল্পের বই থেকে উঠে আসা এক মিষ্টি মুহূর্ত। আর ঠিক ৩০ বছর পর সেই একই দৃশ্য আবার ধরা পড়ল নতুন ফ্রেমে। সাদা লাল পাড় শাড়ি, লম্বা খোলা চুল আর মুখে অমলিন হাসি নিয়ে একই ভঙ্গিতে বসে আছেন বড় হয়ে যাওয়া সেই মেয়েটি। তিনি আর কেউ নন, টলিপাড়ার পরিচিত মুখ মানসী সেনগুপ্ত।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ কোলাজ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির একদিকে বর্তমান সময়ের মানসী, অন্যদিকে তিন দশক আগের শৈশবের সেই মুহূর্ত। ছোটবেলায় মা ও দাদার সঙ্গে যে ভঙ্গিতে ছবি তুলেছিলেন, ঠিক সেই দৃশ্যই নতুন করে রিক্রিয়েট করেছেন তিনি। সময় বদলেছে, বয়স বেড়েছে, কিন্তু অনুভূতির উষ্ণতা যেন একটুও বদলায়নি। ছবির মধ্যেই ধরা পড়েছে স্মৃতি আর বর্তমানের এক অনন্য মিলন।
পুরনো ছবিতে দেখা যায়, সিংহাসনের মতো একটি চেয়ারে বসে ছোট্ট মানসী, পাশে দাদা আর মায়ের স্নেহময় উপস্থিতি। আর ৩০ বছর পর একই সমীকরণে আবার সেই ফ্রেম। এখন তিনি পরিণত, অভিজ্ঞ, প্রতিষ্ঠিত। তবু মা আর দাদার প্রতি তাঁর টান যেন এখনও সেই ছোট্ট মেয়েটির মতোই। সাদা অর্গানজা শাড়ি ও লাল স্লিভলেস ব্লাউজে তাঁর স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে সকলের। পাশাপাশি বয়সের ছাপ থাকলেও মায়ের মুখে ফুটে ওঠা শান্ত হাসি ছবিকে আরও আবেগঘন করে তুলেছে।
ছবি পোস্ট হতেই অনুরাগীদের ভালোবাসায় ভরে যায় কমেন্ট বক্স। কেউ লিখেছেন, সময় পেরোলেও অভিনেত্রীর হাসি একটুও বদলায়নি। কেউ আবার বলেছেন, পরিবারের সঙ্গে এমন স্মৃতি আবার নতুন করে তৈরি করা সত্যিই বিরল সৌভাগ্যের বিষয়। ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার পর এখন তিনি অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন। দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ আর পরিবারের সঙ্গে নতুন করে সময় কাটানোর সুখ যেন এই ছবিতে স্পষ্ট।
আরও পড়ুনঃ সালমান খানের সহায়তায় সত্যিই কি মুক্ত রাজপাল যাদব? ভাইরাল ভিডিও ঘিরে বিভ্রান্তি!
বর্তমানে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন মানসী। ব্যস্ততার মাঝেও শিকড়কে ভুলে না যাওয়ার যে বার্তা তিনি দিয়েছেন, তা অনেককেই স্পর্শ করেছে। এই মুহূর্তে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ছে। আর এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় বাংলা চ্যানেল জি বাংলা তে। স্মৃতি, পরিবার আর ভালোবাসার এই গল্প যেন আবার মনে করিয়ে দিল, সময় বদলায়, কিন্তু সম্পর্কের টান অটুট থাকে।





