দীর্ঘদিনের জল্পনায় ইতি! অবশেষে আলাদা হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় দম্পতি সুস্মিতা রায় চক্রবর্তী ও সব্যসাচী চক্রবর্তী। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক ঘিরে নানা কানাঘুষো চলছিল। সেই জল্পনাতেই এবার নিজেই সিলমোহর দিলেন সব্যসাচী। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে তিনি লেখেন,
“আমরা আলাদা হচ্ছি। কিছু জায়গায় দু’জনের মতের অমিল হচ্ছিল। মন খারাপ থাকলেও, জীবনের পরবর্তী অধ্যায় যেন সুন্দর হয়— এই কামনা আমাদের দুজনেরই।”
প্রাক্তনীর জন্মদিনে এই বার্তা দিয়ে কার্যত ইঙ্গিত নয়, স্পষ্ট করে দিলেন সম্পর্কের ইতি। সব্যসাচীর ওই পোস্ট পরে সুস্মিতাও শেয়ার করে লেখেন,
“এটা দুজনের সম্মতিতে নেওয়া সিদ্ধান্ত। আমরা একে অপরকে সম্মান করি। অনুরোধ, আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শুধু আশীর্বাদ করুন— আলোচনা নয়।”
এতেই স্পষ্ট, সম্পর্ক ভাঙলেও শ্রদ্ধা ও সৌজন্য বজায় রেখেই নতুন পথে পা রাখছেন দুই তারকা।
প্রসঙ্গত, এর আগেই অভিনেতা সায়ক চক্রবর্তীর সঙ্গে সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন চলছিল টেলিপাড়ায়। সম্প্রতি এক নেটিজেনের ‘বৌদি’ মন্তব্যে সায়কের তীব্র প্রতিক্রিয়া নজর কাড়ে সকলের। তিনি লেখেন, “এত বৌদিকে খুঁজছেন কেন?” — যা দেখে অনেকে ধরে নিয়েছিলেন, পরিস্থিতি সত্যিই জটিল হয়ে উঠেছে।
এখন সব্যসাচীর পোস্ট সেই পূর্বাবাসকে সত্যি করল। বহুদিন ধরেই একসঙ্গে তাঁদের দেখা যাচ্ছিল না। একই ফ্রেমে, একে অপরের ভিডিও বা ছবিতেও অনুপস্থিত ছিলেন তাঁরা। অনেকেই ভেবেছিলেন, হয়তো পেশাগত ব্যস্ততার জন্য এমনটা হচ্ছে। কিন্তু শেষমেশ জানা গেল, বাস্তবটা ভিন্ন।
যদিও তাঁদের এই বিচ্ছেদ একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, তবুও এই খবরে ব্যথিত হয়েছেন তাঁদের ভক্তরা। যাঁরা তাঁদের জুটিকে একসঙ্গে দেখতে ভালোবাসতেন, তাঁদের কাছে এটি নিঃসন্দেহে একটি দুঃখের খবর।
আরও পড়ুনঃ ইন্দ্রাণীর শর্তে ফেরা! “ভাল গল্প না পেলে ঘুরে বেড়াব”— চার বছর পর্দার বাইরে, ফিরবেন কবে ‘শ্রীময়ী’?
তবে সুস্মিতা এবং সব্যসাচী দুজনেই তাঁদের জীবনের নতুন অধ্যায়ের জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন। তাই এখন একটাই অনুরোধ— তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করে পাশে থাকুন।





