নতুন বছরে নতুন শুরু! মনের মানুষের সঙ্গে সারলেন বাগদান! আংটি বদলের মধ্যে দিয়েই অদ্রিজা রায়ের প্রেমের উদযাপন!

নতুন বছর ২০২৬ শুরু হতেই তারকাদের ব্যক্তিগত জীবনে একের পর এক সুখবর সামনে আসছে। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার। আবার ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণজয় বিষ্ণু ও শ্যামপ্তি মুদলি। এই আবহেই আরও এক খুশির খবর ভাগ করে নিলেন বঙ্গ কন্যা অদ্রিজা রায়। মুম্বইয়ে ঘরোয়া আয়োজনে বাগদান সেরেছেন তিনি। আগেই দক্ষিণী সাজে বাগদানের ছবি প্রকাশ্যে এসেছিল। এবার একেবারে ভিন্ন আবহে, ওয়েস্টার্ন লুকে আংটি বদলের মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী।

হিন্দি ধারাবাহিক অনুপমার মাধ্যমে সর্বভারতীয় স্তরে পরিচিতি পাওয়া অদ্রিজা রায় এখন জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন। বিয়ের পিঁড়িতে বসার আগে তাঁর বাগদান পর্ব যেন এক রূপকথার গল্প। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, সিক্যুয়েন্স ও পাথরের কাজ করা হালকা বেইজ রঙের গাউনে অনবদ্য লাগছে অদ্রিজাকে। পাশে হবু বর বিগ্নেশ আইয়ার, নেভি ব্লু রঙের পাথরের কাজ করা জ্যাকেট ও টাউজারে সমানভাবে নজর কাড়ছেন। সাজসজ্জা থেকে শুরু করে মুহূর্তগুলো সবই যেন ভালোবাসার নিখুঁত উদযাপন।

দু পাশে জ্বলন্ত মোমবাতি, গোলাপি গোলাপের পাপড়ি ছড়ানো ফুলের চাদরের উপর দিয়ে হাত ধরে তাঁদের এন্ট্রি ছিল চোখে পড়ার মতো। কখনও হাঁটু গেড়ে বসে একে অপরকে আংটি পরাচ্ছেন, আবার কখনও আদুরে মুহূর্তে ধরা দিচ্ছে তাঁদের ভালোবাসা। কখনও বিগ্নেশের কোলে অদ্রিজা, আবার কখনও নায়িকার হাতে চুমু খেতে দেখা যাচ্ছে তাঁকে। প্রতিটি ছবিতেই স্পষ্ট, এই সম্পর্ক শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং গভীর অনুভূতির প্রকাশ।

এই বিশেষ দিনে অদ্রিজার পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাও। অভিনেত্রী দেবচন্দ্রিমা নিজেও বাগদানের ছবি শেয়ার করেন। লেহেঙ্গায় সেজে ওঠা দেবচন্দ্রিমাকে সাদা ও গোলাপি রঙের পাথরের কাজ করা গাউনে দেখা যায়। বন্ধুত্ব আর আনন্দে ভরা এই মুহূর্ত আরও রঙিন হয়ে ওঠে তাঁদের উপস্থিতিতে। বাগদান পর্বটি হয় মুম্বইয়ের একটি খামার বাড়িতে, গত ২৫ জানুয়ারি। আগের দক্ষিণী সাজে কাঞ্জিভরম শাড়ি, মানানসই গয়না ও ফুলের অলংকারে ঐতিহ্যের ছোঁয়া এনেছিলেন অদ্রিজা, আর এবার ওয়েস্টার্ন সাজে তুলে ধরলেন আধুনিকতার রূপ।

অদ্রিজার হবু স্বামী বিগ্নেশ আইয়ার দক্ষিণ ভারতীয়। প্রেমের গল্প নিয়েও এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন অভিনেত্রী। এক বন্ধুর মাধ্যমে তাঁদের আলাপ হয় এবং প্রথম দেখাতেই ভালো লেগে যায় দুজনের। এরপর সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা, বন্ধুত্ব এবং ধীরে ধীরে গড়ে ওঠে প্রেম। ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন অদ্রিজা। তবে বিয়ে নিয়ে তাঁর একটাই কথা, দুই পরিবারের মতামত ও নিয়ম মেনেই নতুন জীবন শুরু করবেন।