কন্যা মীরার জন্মের পর কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অহনা দত্ত। আবার ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি, সেই সঙ্গে নিয়ম করে জিমও করছেন। কিন্তু জিমে যাওয়ার এই নতুন রুটিনই ইদানীং তাঁর জন্য বেশ বিরক্তিকর হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে অভিনেত্রী জানালেন, প্রতিদিনই তিনি এমন কিছু দেখছেন যা তাঁকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে।
অহনা বলেন, তিনি সাধারণ জিম পোশাকে, পুরো শরীর ঢাকা অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। যেহেতু জিম বাড়ি থেকে খুব কাছেই, তাই তিনি টোটোতেই যান আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে টোটোতে উঠলেই অদ্ভুত কিছু নজরে আসছে তাঁর। চারপাশের বহু মানুষ একদৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে থাকেন। এই আচরণ তাঁকে এতটাই বিব্রত করছে যে অবশেষে আর চুপ থাকতে পারেননি। একটি ভিডিও বানিয়ে তিনি নিজের বিরক্তি স্পষ্ট করে দেন।
ভিডিওতে অহনা জানান, টোটোতে বসলে সব কিছু খোলাখুলি দেখা যায়, আর সেই সুযোগে পথচলতি মানুষজন নিঃসংকোচে তাকিয়ে থাকে। তাঁদের সেই ‘হা করে’ তাকিয়ে থাকার অভ্যাসই তাঁকে সবথেকে বেশি অস্বস্তিতে ফেলে। অভিনেত্রীর কথায়, তিনি জানেন না মানুষজন ঠিক কী দেখছে বা কী ভাবছে। তবে অন্যায্য এই দৃষ্টিবাণ তাঁকে রোজই মানসিক ভাবে ক্লান্ত করে দিচ্ছে।
তিনি আরও বলেন, গাড়ির ভিতর কিংবা কাজের জায়গা ছাড়া আর কোথাও নিজেকে নিরাপদ মনে হয় না তাঁর। সবসময় ক্যাব বা নিজের গাড়িতে যাতায়াত করা সম্ভব নয়, তাই পাবলিক ট্রান্সপোর্টে উঠলেই আতঙ্ক বাড়ে। কেন মেয়েদেরকে রাস্তাঘাটে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তার উত্তর খুঁজে পাচ্ছেন না অহনা।
আরও পড়ুনঃ ঐশ্বর্য রাই বচ্চনের আবেগঘন বার্তা: ভালোবাসাই একমাত্র ধর্ম! পুট্টাপার্থীর মঞ্চে প্রধানমন্ত্রীর প্রতি প্রণাম জানিয়ে কি বললেন ঐশ্বর্য?
শেষে সকলের উদ্দেশে তিনি আবেদন জানিয়েছেন, অন্য কেউ যদি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকে, তবে যেন তা শেয়ার করে এবং এর থেকে মুক্তির উপায় জানায়। তাঁর সরল অনুরোধ, সমাজ যেন মেয়েদের জন্য পথঘাটকে একটু বেশি নিরাপদ করে তোলে।





