‘তোমার মধ্যেই মাকে খুঁজে পাব’! প্রয়াত শাশুড়ির স্মৃতিতেই একরত্তির নাম, আবেগঘন পোস্ট শেয়ার করলেন অহনা

অভিনেত্রী অহনা দত্ত সম্প্রতি মা হয়েছেন। ২৮ জুলাই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর থেকেই ভক্তদের কৌতূহল ছিল, মেয়ের নাম কী রাখবেন অহনা ও দীপঙ্কর? সন্তান জন্মের খবর জানানোর সময় দীপঙ্কর বলেছিলেন, আপাতত সোনা বা মনা বলে ডাকছেন তাঁরা। তবে ষষ্ঠীপুজোর দিন, ১৯ আগস্ট, বিশেষ আয়োজনের মধ্য দিয়ে নামকরণ সারলেন এই তারকা দম্পতি।

নামকরণের ছবিও ভাগ করে নিয়েছেন অহনা। সাদা-লাল শাড়িতে মেয়েকে কোলে নিয়ে বসে আছেন তিনি, পাশে লাল পাঞ্জাবি পরা দীপঙ্কর। নতুন বাবা-মায়ের চোখে মুখে তখন ভরপুর আনন্দ আর আবেগ। পরিবার, বন্ধু এবং অনুরাগীদের সঙ্গে সেই সুখের মুহূর্ত ভাগ করে নিলেন তাঁরা। আর এই নামের সঙ্গে জড়িয়ে আছে এক গভীর পারিবারিক স্মৃতি, যা তাঁদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ।

কন্যার নাম রাখা হয়েছে মীরা। সংস্কৃতে এর অর্থ সমুদ্র, শান্তি এবং সমৃদ্ধি। তবে শুধু সুন্দর অর্থ নয়, এর পেছনে রয়েছে এক আবেগঘন কারণ। দীপঙ্করের প্রয়াত মায়ের নামও ছিল মীরা। তাই মেয়ের নামকরণের মাধ্যমে তাঁরা যেন আবার ফিরে পেলেন প্রিয়জনকে। পরিবারের বিশ্বাস, ছোট্ট খুদের মধ্যে বেঁচে থাকবেন তাঁর ঠাকুমা।

মাত্র ২১ বছর বয়সেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অহনা। গর্ভাবস্থার নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি—কখনও রান্নাঘরে সময় কাটানো, কখনও স্বামীর সঙ্গে মজার রিল বানানো, আবার কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা। এখন তাঁর সবটুকু সময় কেটে যাচ্ছে একরত্তিকে ঘিরেই। দীপঙ্করও স্ত্রী আর মেয়ের যত্নে ব্যস্ত।

তবে আনন্দের পাশাপাশি কিছু বিতর্কও রয়েছে। অহনার জন্মদাত্রী মা চাঁদনির সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিন ধরেই ভালো নয়। বিয়ে থেকে শুরু করে মেয়ের জন্ম—প্রায় সবকিছু নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। যদিও অহনা এসব এড়িয়ে গিয়ে এখন পুরোপুরি মন দিচ্ছেন নিজের নতুন সংসার আর কন্যাকে ঘিরে। টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেও মাতৃত্বের এই নতুন ভূমিকাই এখন তাঁর কাছে সবচেয়ে বড় পাওয়া।