তিন বছরের প্রেম, তারপর একসঙ্গে পথচলার দুই বছর। আজ, ২৮ জুন, অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং উদয়প্রতাপ সিংহর বিবাহবার্ষিকী। একান্ত ঘরোয়া আয়োজনে, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে, দু’বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। আড়ম্বরহীন সেই বিয়েতে ছিল শুধু ভালবাসা আর একসঙ্গে ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি।
এই দু’বছরে সম্পর্কের রঙ বদলেছে নানা মোড়ে—ভালবাসা, হাসি, কান্না আর মাঝেমধ্যে ঝগড়াও। বিবাহবার্ষিকীর দিনে সেইসব মুহূর্তই ভাগ করে নিলেন অনামিকা। এক মিষ্টি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “তিন বছরের প্রেম, দু’বছরের দাম্পত্য—রোমাঞ্চকর এক যাত্রা। কতবার ঝগড়া হয়েছে, মনে হয়েছে ডিভোর্স হয়ে যাবে। কিন্তু শেষে একসঙ্গে থাকার ইচ্ছে আমাদের সবসময় জিতেছে। তোমায় খুব ভালবাসি।” ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী উদয়ের কোলে চড়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন অনামিকা, আবার কখনও বরফের মধ্যে খেলায় মজেছেন এই তারকা দম্পতি।
এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় অনামিকাকে দেখা না গেলেও উদয়প্রতাপ রয়েছেন আলোচনার কেন্দ্রে। ‘পরিণীতা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি, যা এখন বাংলার সেরা পাঁচ ধারাবাহিকের মধ্যে অন্যতম। এক সময় পার্শ্বচরিত্রে অভিনয় করতেন উদয়, আজ তিনি নায়ক। অন্যদিকে অনামিকার কেরিয়ার একটু স্তিমিত।
আরও পড়ুনঃ নিজের কাজেই খুশি, আলোচনায় না থাকাটা নিয়ে ভাবেন না অমৃতা চট্টোপাধ্যায়
অনামিকা অকপটে বলেন, “বাড়িতে বসে থাকতে সত্যিই একঘেয়ে লাগে। যে কাজটা ১১ বছর ধরে করে এসেছি, সেখানে কাজ না পেলে খারাপ তো লাগেই। তবে আমার পোষ্য আছে, ওর সঙ্গে সময় কেটে যায়।” দর্শক তাঁকে আবার পর্দায় দেখতে চান। তবে আপাতত তিনি নিজের সংসার আর ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটিয়ে খুশি।





