টলিউডের জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনেত্রী অপরাজিতা আঢ্য, যিনি দীর্ঘদিন ধরে রূপালি ও ছোট পর্দায় একের পর এক স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিলেন এক হতবাক করা অভিজ্ঞতা।
অভিনেত্রীর কথায়, এক পরিচালকের সঙ্গে আলাপের সময় তিনি এমন মন্তব্য শুনেছেন, যা তাঁকে স্তম্ভিত করে দেয়। সেই পরিচালক নাকি সোজাসাপ্টা জানিয়ে দেন— “৪০-এর ঊর্ধ্বে মহিলাদের কোনও প্রতিভা থাকে না, তাই আমি তাঁদের নিয়ে কাজ করি না!” এমন মন্তব্য শুধু অমানবিক নয়, বয়সভিত্তিক বৈষম্যেরও নিদর্শন বলে মনে করছেন অনেকেই।
এই ঘটনার সূত্রপাত অভিনেত্রীর এক পরিচিত দিদিকে ঘিরে। অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সেই মহিলা আর্থিকভাবে খুবই বিপদের মধ্যে পড়েছিলেন এবং বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন করেন। অপরাজিতা তখন তাঁর এক পরিচালকের সঙ্গে যোগাযোগ করে দেখেন, ওই মহিলার জন্য কোনও কাজের সুযোগ আছে কিনা। কিন্তু তখনই সেই পরিচালক জানান, তিনি ৪০-এর বেশি বয়সী মহিলাদের নিয়ে কাজ করেন না, কারণ তাঁদের মধ্যে ‘প্রতিভা’ থাকে না!
এই কথাগুলি শুনে অভিনেত্রী রীতিমতো শকড হয়ে যান। তাঁর মন্তব্য, “একজন মানুষ যত ভালো কাজই করুন না কেন, বয়স একটা সময়ের পর তাঁর মূল্য কমে যায় — এই মানসিকতা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর।”
আরও পড়ুনঃ প্রকাশ্যে স্বামীর উপর অত্যাচার! অভিনেতা অনিন্দিতার কাণ্ড দেখে অবাক দর্শক মহল !
অভিনেত্রী অপরাজিতা নিজে একজন হাসিখুশি ও খোলা মনের মানুষ হিসেবে পরিচিত। তাঁর মতে, কাজের দক্ষতা বয়সের সাথে কমে না, বরং অভিজ্ঞতা মানুষকে আরও সমৃদ্ধ করে তোলে। বর্তমানে তাঁর অভিনীত ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’, যা মানসী সিনহা পরিচালিত, বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে। এই ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এই ঘটনা সামনে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন, আবার অনেকেই অপরাজিতার এই অভিজ্ঞতা শোনানোর সাহসিকতার প্রশংসা করছেন।





