কর্মহীনতার পর অভিনেত্রীর নতুন ইনিংস! ছোটপর্দায় ভিন্ন ভূমিকায় ফিরছেন অপরাজিতা ঘোষ!

টলিপাড়ায় গত কয়েক মাসে একাধিক অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছিল অনেক শিল্পীর পেশাগত জীবনে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর স্টুডিওপাড়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তার পরিবেশ। সেই পরিস্থিতির প্রভাব এসে পড়ে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’র উপরও। মাঝপথে বন্ধ হয়ে যায় সিরিয়ালটি, আর তার ফলেই কাজ হারান বহু কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রী। তাঁদের মধ্যেই ছিলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ।

ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার পর কয়েক মাস নতুন কোনও কাজ হাতে পাননি অপরাজিতা। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করা এই অভিনেত্রীকে কর্মহীন অবস্থায় দেখে অনুরাগীরাও হতাশ হয়েছিলেন। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে তিনি আবারও ফিরছেন দর্শকদের সামনে, তবে এবার একেবারে নতুন রূপে।

অভিনয়ের পাশাপাশি এবার সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে অপরাজিতাকে। জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেল সান বাংলার নতুন অনুষ্ঠান ‘ছানাগিরি’র মাধ্যমে দীর্ঘ প্রায় দশ বছর পর তিনি কোনও রিয়্যালিটি শো সঞ্চালনা করতে চলেছেন। ছোটদের নিয়ে তৈরি এই অনুষ্ঠানে থাকবে বিভিন্ন মজার খেলা, বুদ্ধির পরীক্ষা এবং নানা ধরনের আকর্ষণীয় পর্ব। ফলে দর্শকদের জন্যও এটি হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা।

অনুষ্ঠানটি মূলত শিশুদের প্রতিভা ও স্বতঃস্ফূর্ততাকে তুলে ধরবে। বাংলার বিভিন্ন জেলার খুদেরা এই মঞ্চে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে। ছোটদের সঙ্গে সময় কাটাতে এবং তাঁদের সঙ্গে সহজে মিশে যেতে অপরাজিতারও বিশেষ সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ বাস্তব জীবনেও তিনি একজন মা এবং সন্তানকে নিয়ে তাঁর অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ।

কয়েক মাসের বিরতির পর নতুন উদ্যমে কাজে ফেরায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অভিনেত্রী। অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঞ্চালিকার দায়িত্ব কতটা সফলভাবে সামলাতে পারেন, সেদিকেই নজর থাকবে দর্শকদের। ছোটদের নিয়ে তৈরি এই নতুন অনুষ্ঠানের মাধ্যমে অপরাজিতার ক্যারিয়ারে শুরু হতে চলেছে এক ভিন্ন অধ্যায়।