‘অঝোরে কেঁদে যাচ্ছি, চোখের জল থামছে না’ শীঘ্রই মুক্তি পাবে প্রথম ছবি, আসছে নতুন মেগাও! কিন্তু তাঁর আগেই একি হল আরাত্রিকার?

ছোটপর্দার পরিচিত মুখ আরাত্রিকা মাইতি। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা। এবার টিভি পর্দা ছাড়িয়ে বড়পর্দায় পা রাখছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম রে…-তে দিব্যজ্যোতি দত্তর বিপরীতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির শ্যুটিং আগেই শেষ হলেও সম্প্রতি ডাবিং করতে গিয়ে আবেগ চেপে রাখতে পারেননি অভিনেত্রী।

ডাবিংয়ের কাজ শেষ হওয়ার পর নিজের একটি ছবি পোস্ট করে আরাত্রিকা লিখেছেন, “আজ আমার প্রথম সিনেমা, আমার স্বপ্নপূরণের প্রথম ধাপ লহ গৌরাঙ্গের নাম রে-এর ডাবিং ছিল। সত্যি বলতে অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। এখনও অঝোরে কেঁদে যাচ্ছি। ঝাড়গ্রামের সেই মেয়েটা যখন স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল, ভাবেনি কোনোদিন বড় পর্দায় নিজেকে দেখবে। শ্যুটিং শেষ হয়ে গেছে অনেক দিন হল, কিন্তু ডাবিংয়ের সময় নিজের গানের দৃশ্যে কীর্তন শুনে হঠাৎই চোখে জল এসে গেল।”

তিনি আরও লিখেছেন, “এই ইন্ডাস্ট্রিতে আমার গডফাদার ছিলেন স্যান্ডিপদা, যিনি আমায় প্রথম অডিশনে বেছে নিয়েছিলেন। তিনি আর নেই। আজ রানা দা আমার আর এক গডফাদার হয়ে গেলেন। আমাকে প্রথম বড় পর্দায় সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের আগে কখনও দেখা হয়নি, কথা হয়নি, তবু তুমি আমায় কাস্ট করেছ লক্ষ্মীপ্রিয়া হিসেবে। প্রমাণ করে দিয়েছ, ‘পিআর’ না থাকলেও কাজ পাওয়া যায়। আর আমার প্রথম সিনেমা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে—এটা আলাদা করে লেখার দরকার নেই, সেটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ।”

ছবির পাশাপাশি আরাত্রিকা আসছেন নতুন ধারাবাহিক নিয়েও। জি বাংলার আসন্ন মেগা জোয়ার ভাটা-তে তিনি থাকছেন মুখ্য চরিত্রে। এই সিরিয়ালে তাঁর দিদির ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাসকে। পাশাপাশি থাকবেন অভিষেক বীর শর্মা, যিনি এর আগে বুলেট সরোজিনী-তে অভিনয় করেছিলেন।

অভিনেত্রীর এই যাত্রা যেন একসঙ্গে দুই দিক খুলে দিল—বড়পর্দায় প্রথম কাজের আবেগ আর ছোটপর্দায় নতুন শুরুর উত্তেজনা। নিজের পোস্টে যেমন তিনি লিখেছেন, “ধন্যবাদ ইউনিভার্স”—তাঁর জীবনের এই নতুন অধ্যায়ও সেই কৃতজ্ঞতা নিয়েই শুরু হচ্ছে।