শুটিং ফ্লোরে আলাপ! এখন বাস্তবে প্রিয় বন্ধু! অরিজিতার জন্মদিনে ভালোবাসায় ভরালেন মানসী ও তনুশ্রী!

অভিনেত্রীদের মধ্যে বন্ধুত্ব টেকে না, এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। তবে বারবার সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন বিনোদন জগতের বহু তারকা। টলিপাড়াতেও তার ব্যতিক্রম নেই। ছোট পর্দার জনপ্রিয় মুখ অরিজিতা মুখোপাধ্যায়, তনুশ্রী গোস্বামী এবং মানসী সিনহার বন্ধুত্ব তারই অন্যতম উদাহরণ। একসঙ্গে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই তাঁদের সম্পর্ক আরও গভীর হয়।

কাজের বাইরে সময় পেলেই তিন বন্ধুকে দেখা যায় একসঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া কিংবা ঘুরতে বেরোতে। সুখ-দুঃখের নানা মুহূর্তেও তাঁরা একে অপরের পাশে থাকেন। সম্প্রতি অরিজিতার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মানসী ও তনুশ্রী। সেই পোস্টে ধরা পড়েছে তাঁদের মজার বন্ধুত্বের এক ঝলক।

মানসী নিজের পোস্টে লিখেছেন, তাঁদের দু’জনের এমন কোনও ছবি খুঁজে পাওয়া যায়নি যেখানে তৃতীয় কেউ নেই। অনেক খোঁজার পরও যে ছবি পাওয়া গেছে, সেখানে উপস্থিত রয়েছেন তাঁদের সেই চিরচেনা ‘থার্ড পারসন’, অর্থাৎ তনুশ্রী। মজার ছলেই তিনি লেখেন, অরিজিতাকে তিনি নাকি একদমই পছন্দ করেন না। তবে দু’জনের ঝগড়া হলে মাঝখান থেকে সামলানোর জন্য তনুশ্রীকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই নেই।

পোস্টের সঙ্গে মানসী দুটি ছবিও ভাগ করে নিয়েছেন। একটি ‘নিম ফুলের মধু’র সেটে তোলা সেলফি, যেখানে অরিজিতা ও মানসীর সঙ্গে দেখা যায় ঘুমন্ত তনুশ্রীকে। অন্যটি ছিল শুটিংয়ের একটি স্থিরচিত্র। সেই পোস্টের মন্তব্যে অরিজিতা লেখেন, পরের ছবিতে যেন শুধু তাঁরা দু’জন থাকেন, যদিও তাঁদের ঝগড়া আজীবন চলুক। উত্তরে তনুশ্রীও মজার ছলে জানান, তাঁর কাছে নাকি এমন ছবিও রয়েছে।

অন্যদিকে তনুশ্রীও অরিজিতার জন্য আলাদা পোস্ট করেন। সেখানে তিনি বন্ধুত্ব, ভরসা, আড্ডা, গসিপ, বকাঝকা, লিপস্টিক ভাগ করে নেওয়া থেকে শুরু করে গাড়ির সামনের সিট দখলের মতো নানা স্মৃতির কথা উল্লেখ করেন। শেষে আদরের ‘মেজো’কে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। উল্লেখ্য, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তনুশ্রী ছিলেন বড় জা এবং অরিজিতা মেজ জা। সেই চরিত্রের সূত্র ধরেই আজও তাঁরা একে অপরকে সেই নামেই ডাকেন।