এক সময়ের সকলের প্রিয় শিশুশিল্পী অরিত্র দত্ত বণিক—যে শুধুই শিশুশিল্পী ছিল না, বরং ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ কাঁপানো সঞ্চালক হিসেবেও নিজের আলাদা জায়গা করে নিয়েছিল—সে এবার বহু বছর পর ফিরছে ক্যামেরার সামনে, একেবারে নতুন রূপে!
ছোটবেলার সেই দুষ্টু-মিষ্টি ছেলেটি এখন অনেকটাই বদলে গিয়েছে। বেশ কিছু বছর ধরে মূলত ক্যামেরার পিছনেই কাজ করে এসেছে অরিত্র। তবুও সে বরাবরই সমাজমাধ্যমে বেশ অ্যাকটিভ, এবং তার ফ্যানরাও তাকে পর্দায় ফের দেখতে চেয়েছিল খুব করে। এবার সেই অপেক্ষার দিন শেষ।
নতুন চমক নিয়ে হইচই-র আসন্ন সিরিজ ‘অনুসন্ধান’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিত্রকে। সিরিজটি পরিচালনা করছেন অদিতি রায়, এবং গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক মহিলা সাংবাদিক, যার হাতে আসে এক অন্তঃসত্ত্বা বন্দিনীর রহস্যময় কাহিনি। মুখ্য ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
পুজোর আগেই মুক্তি পেতে চলেছে এই সিরিজ, আর এই কাজ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত অরিত্র নিজেও। তিনি জানিয়েছেন,
“দর্শকরা এতদিন আমাকে দুষ্টু ছেলের চরিত্রেই দেখেছেন। কিন্তু এবার একেবারে ভিন্ন স্বাদের একটা চরিত্রে অভিনয় করছি। এমন কিছুই চেয়েছিলাম আমি বহুদিন ধরে। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।”
আরও পড়ুনঃ “ওঁরা আর কথা বলেন না… আমি শুধু দায়িত্বটুকু নিয়ে চলেছি!” – কালিকাপ্রসাদের পরিবারের প্রসঙ্গে আবেগে ভেসে গেলেন গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়!
অরিত্রের এই নতুন সফরে তার পুরোনো ভক্তরা যেমন খুশি, তেমনি নতুন প্রজন্মও নিশ্চয়ই অপেক্ষা করবে তার এই নতুন রূপ দেখার জন্য!





