পুজো মানেই তো ছবি, আর পুজোর ছবি মানেই এখন ‘ধূমকেতু’ নিয়ে চরম উত্তেজনা টলিপাড়ায়! দেব আর শুভশ্রী—এই দুই নাম একসঙ্গে দেখলেই নস্টালজিয়া যেন হু হু করে ফিরে আসে। যাঁরা একসময় ছিলেন টলিউডের ‘গোল্ডেন কাপল’! অনেক দিন পর আবার পর্দায় ফিরছেন তাঁরা, আর সেই প্রত্যাবর্তনকে ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা।
হ্যাঁ, ঠিক শুনেছেন! ‘ধূমকেতু’ ছবির ট্রেলারের পাসই নাকি এখন কালোবাজারে! এতটা উন্মাদনা বুঝিয়ে দিচ্ছে, অনুরাগীরা এখনো তাঁদের আগের মতোই ভালবাসে। কারণ একটাই—ন’বছর! দীর্ঘ এই সময়টা দেব-শুভশ্রীর অনস্ক্রিন রোমান্স দেখার জন্য অপেক্ষায় থেকেছেন দর্শকেরা। সবাই চায়, বাস্তবে না হোক, পর্দায় তো অন্তত আবার জুটে যাক দেব-শুভশ্রী।
সময়টা ২০০৯। রাজ চক্রবর্তীর হাত ধরে মুক্তি পেল ‘চ্যালেঞ্জ’—টলিউডে এক নতুন যুগের সূচনা। সেই সময় থেকেই শুরু হয় দেব-শুভশ্রীর ‘ম্যাজিক’। পরের ছবি ‘পরাণ যায় জ্বলিয়া রে’ তো যেন একেবারে আগুন লাগিয়ে দিল বক্স অফিসে। গান, লোকেশন, রোম্যান্স—সব কিছু মিলিয়ে পর্দা কাঁপিয়ে দিয়েছিল এই জুটি।
শোনা যায়, ছবির শুটিং চলাকালীনই প্রেমে পড়েন তাঁরা। বিদেশের লোকেশন, মন ভালো করা গানে নাচতে নাচতে প্রেমে পড়া—অবাক হওয়ার কিছু নেই! টলিপাড়ায় তখন ফিসফাস, ‘এই তো সত্যি প্রেম!’ এমনকি শুভশ্রীর পরিবারও নাকি মেনে নিয়েছিল সম্পর্কটা। সব ঠিকঠাক চললে তো বিয়ে পর্যন্ত পৌঁছতে পারত!
কিন্তু সব গল্প কি আর সিনেমার মতো মিষ্টি হয়?
ধীরে ধীরে হাওয়ায় ভাসে অন্য খবর। দেবের জীবনে নাকি আর এক ‘দেবী’! টলিউডে তখন গুঞ্জন, এক মডেল কন্যের প্রেমে পড়েছেন নায়ক। শুভশ্রীর কানে সে খবর পৌঁছতে দেরি হয়নি। সম্পর্কের ফাটল সেখান থেকেই শুরু।
২০১৩-তে ‘খোকা ৪২০’ মুক্তি পায়, জুটির শেষ ছবি। বাস্তব জীবনে তাঁদের রসায়ন তত দিনে শেষের পথে। ছবিতে রোমান্স দেখালেও, বাস্তবে তখন দু’জনেই চলে গিয়েছেন আলাদা পথে।
কিন্তু গল্প এখানেই শেষ না।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নতুন ছবির ভাবনা নিয়ে এলেন—‘ধূমকেতু’। প্রথমে ভাবা হয়েছিল অন্য কাউকে নায়িকার চরিত্রে নেওয়া হবে। কিন্তু শেষমেশ শুভশ্রীকেই চূড়ান্ত করেন নির্মাতারা। চিত্রনাট্য শোনার পর দেব যেমন এক কথায় রাজি হয়ে যান, তেমন শুভশ্রীও সম্মতি দেন।
২০১৫-তে নৈনিতালে শুরু হয় শুটিং। চারপাশে বরফ, পাহাড়, লেক—দু’জনের অনস্ক্রিন রোমান্স ক্যামেরাবন্দি হয় ঠিক যেন কোনও পুরনো প্রেমের স্মৃতির মতো।
এদিকে দেবের জীবনে তখন স্থায়ী হয়েছে রুক্মিণী মৈত্র। তিনি তখনও অভিনয়ে আসেননি, গিয়েছিলেন নৈনিতালে শুধুই ছুটি কাটাতে। তবে দেবের সঙ্গে তাঁর সম্পর্ক তখন প্রায় স্পষ্টই।
তাহলে প্রশ্ন ওঠে—যখন প্রেম অতীত, তখন পর্দায় রসায়ন সত্যি সত্যিই জমে?
প্রযোজক রানা সরকারের বক্তব্য কিন্তু আলাদা। তিনি বলেন, “আমি চোখের সামনে দেখেছি, ক্যামেরার সামনে ওঁরা নিজেদের অতীত ভুলে যেতেন। সম্পূর্ণভাবে চরিত্রে ডুব দিতেন।” এমনকি শুটিংয়ের ফাঁকে কফিও খেয়েছেন একসঙ্গে।
শুটিং শেষ হয়েছে, দু’জনেই আলাদা পথে হাঁটছেন এখন। শুভশ্রী নিজের সংসারে, দেব রুক্মিণীর সঙ্গে।
তবু, একটাই আশা—এই ছবি হয়তো পুরনো সেই ম্যাজিকটা ফিরিয়ে আনবে। দেবও বলেই ফেলেছেন এক সাক্ষাৎকারে, “এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রীকে।”
আরও পড়ুনঃ টিআরপিতে নতুন চমক! জমজমাট লড়াইয়ে টেলিপর্দায় ঝড় তুলল জি নাকি জলসা? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
১৪ অগস্ট মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’। টলিউডের আনাচে-কানাচে যেন এখন একটা গানই ঘুরপাক খাচ্ছে—‘হবে না দেখা?’
বাস্তবে না হোক, পর্দায় অন্তত—মিলন হোক দেব-শুভশ্রীর!





