বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে প্রথম দিন থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেতা ভরত কল। শোয়ের প্রথম ক্যাপ্টেন হওয়া থেকে শুরু করে তনুশ্রীকে নিয়ে করা মন্তব্য, নানা ঘটনায় বারবার নজর কেড়েছেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে অনেক সমীকরণ। তনুশ্রীর সঙ্গে শুরুতে মনোমালিন্য থাকলেও বর্তমানে তাঁদের সম্পর্ক বেশ স্বাভাবিক বলেই দেখা যাচ্ছে। গতকালের পর্বেও তারই ইঙ্গিত মিলেছে। তনুশ্রীর জন্মদিন উপলক্ষে কেক কেটে তাঁকে খাইয়ে দিতে দেখা যায় ভরতকে। ফলে বিগ বসের ঘরে তাঁর সক্রিয় উপস্থিতি যেমন দর্শকদের নজর টানছে, তেমনই তাঁকে নিয়ে চর্চাও অব্যাহত রয়েছে।
অন্যদিকে, বিগ বসের ঘরের বাইরে থেকেও স্বামীকে নিয়মিত সমর্থন করে চলেছেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সম্প্রতি তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও শুরু হয়েছে আলোচনা। ভরতের একটি ছবি ও ভিডিও শেয়ার করে জয়শ্রী লেখেন, “তুমি পাগলামি করছো আর লোকে আমাকে গাল দিচ্ছে গো।” এই মন্তব্য দেখে অনেকের মনে প্রশ্ন ওঠে, তাহলে কি স্বামীর কোনও কাজে বিরক্ত হয়েছেন অভিনেত্রী? তবে বিষয়টি তেমন নয়। বরং ভরতের মজার কাণ্ডকে কেন্দ্র করেই হাসিঠাট্টার ছলে ওই পোস্ট করেছেন জয়শ্রী। তাঁর লেখার পরের অংশেই পরিষ্কার হয়ে যায়, স্বামীর প্রতি তাঁর ভালোবাসা ও সমর্থন আগের মতোই রয়েছে।
সম্প্রতি বিগ বস বাংলার একটি পর্বে ভরত কলকে বেশ খোশমেজাজে নাচতে দেখা গিয়েছিল। নিজের মতো করে নাচে মেতে উঠেছিলেন অভিনেতা। তাঁর সেই মুহূর্ত দর্শকদের একাংশের বেশ পছন্দ হলেও, অনেকে আবার মজা করে সেই নাচকে বিশ্বকর্মা পুজোর ভাসান নাচের সঙ্গে তুলনা করেন। বিষয়টি নজর এড়ায়নি জয়শ্রীরও। ভরতের সেই নাচের একটি মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেন তিনি। আর সেই পোস্টের সঙ্গেই স্বামীর উদ্দেশে মজার ছলে মন্তব্য করেন অভিনেত্রী। তাঁর কথায় ছিল রসিকতা, পাশাপাশি ছিল ভরতের স্বভাবকে মেনে নেওয়ার বার্তাও।
জয়শ্রী তাঁর পোস্টে লেখেন, “এটা কি বিশ্বকর্মা পূজোর ভাসান ডান্স? পাগলামি করছো আর লোকে আমাকে গাল দিচ্ছে গো। না গো, এরকমই থেকো সারা জীবন। ইয়ার্কি মজা করে কাটিও। তুমি কেমন মানুষ সেটা এই ১১ বছরে আমি বুঝেছি। অনেক ভালোবাসা।” স্বামীর নাচ নিয়ে মজা করলেও পোস্টের শেষদিকে ভরতের প্রতি নিজের ভালোবাসার কথাই জানিয়েছেন তিনি। ফলে জয়শ্রী যে সত্যিই ভরতের উপর রেগে গিয়েছেন, এমন কোনও ইঙ্গিত তাঁর পোস্টে নেই। বরং বিগ বসের ঘরে ভরতের নানা কাণ্ডকারখানা নিয়ে স্ত্রীও যে বেশ মজা করছেন, সেটাই স্পষ্ট হয়েছে এই পোস্ট থেকে।
আরও পড়ুনঃ শ্যুটিংয়ের মাঝেই দুর্ঘটনা! গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে রশ্মিকা মান্দানা! ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ! এখন কেমন আছেন অভিনেত্রী?
এদিকে বিগ বস বাংলার ঘরে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন অ্যালেক্স। তবে চলতি সপ্তাহে আরও একজন প্রতিযোগীকে ঘর ছাড়তে হবে বলে জানা যাচ্ছে। ফলে এখন দর্শকদের মধ্যে মূল আলোচনা, দ্বিতীয়বার কার বিদায় হতে চলেছে তা নিয়ে। ভরত কল এখনও সক্রিয়ভাবে খেলায় রয়েছেন এবং তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে নিয়মিত আলোচনা হচ্ছে। অন্যদিকে, বাইরে থেকে জয়শ্রীও নানা পোস্টের মাধ্যমে স্বামীকে সমর্থন করে চলেছেন। তাই আগামী পর্বগুলিতে ভরতের যাত্রা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই এখন নজর বিগ বস বাংলার দর্শকদের।





