টেলিভিশনের পর্দায় তিনি বহুদিনের পরিচিত মুখ। বড় পর্দা থেকে ছোট পর্দা— সবখানেই অভিজ্ঞতা রয়েছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। যদিও অধিকাংশ সময় পার্শ্বচরিত্রেই দেখা গিয়েছে তাঁকে, কিন্তু তাঁর অভিনয় ছুঁয়ে গিয়েছে দর্শকের মন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’-তে।
তবে এবার অভিনয় নয়, একেবারে মন খুলে কথা বললেন ভাস্বর। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানালেন, নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের প্রতি তাঁর মিশ্র অনুভূতি রয়েছে।
“অনেকের কাজ আমার দারুণ লাগে। আমি নিজেই বলেছি যে আমি ওদের কাজের ভক্ত। কিন্তু এমনও অনেকে আছে যারা কেবল ইন্ডাস্ট্রির ঝলমলে দিকটাই দেখে এখানে এসেছে। কাজের গভীরতা নেই।”
তবে এখানেই থামেননি তিনি। বেশ স্পষ্টভাবেই বলেন—
“অনেকের কাজ দেখে মনে হয়, আর একটু ভালো বলা যেত ডায়লগটা, একটু অন্যভাবে শটটা নিলে হয়তো ভালো লাগত। কিন্তু সেটা আমি বলতেও পারি না, কারণ ওরা পাত্তাই দেয় না! পরামর্শ দিলেও শোনে না। নিজেকে অত বুঝদার মনে করে!”
আরও পড়ুনঃ বাঙালি আবেগে হিন্দি সুর!নিজস্বতা হারাচ্ছে বাংলার বিনোদন! বাংলা সিরিয়ালে কী সত্যিই হারাচ্ছে বাঙালিয়ানার স্বাদ?
ভাস্বর বরাবরই স্পষ্টভাষী। কিন্তু এই খোলামেলা স্বভাবের জন্য কি কখনও কাজ খুইয়েছেন? অভিনেতার স্পষ্ট উত্তর—
“না, কখনও কাজ হারাইনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে শত্রু বেড়েছে, এটা ঠিক। তবে আমি যেটুকু কাজ করছি, সেটাও অনেক। কারণ আমার তো কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। একদম বাইরে থেকে এসেছি। এতটা কাজ পাওয়াটাই আমার কাছে প্রাপ্তি।”
একদিকে শিল্পে নিজের জায়গা করে নেওয়ার লড়াই, অন্যদিকে ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা— সবটাই অকপটে তুলে ধরলেন ভাস্বর। তাঁর এই স্বীকারোক্তি নিঃসন্দেহে অনেকের চোখ খুলে দিতে পারে।





