টলিউড তারকা দেব আবারও প্রমাণ করলেন—পর্দার নায়ক তিনি হলেও বাস্তব জীবনেও তাঁর হৃদয় একেবারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই। ভক্তদের আবদার মেটানো হোক বা ইন্ডাস্ট্রির মানুষের জন্য লড়াই—সব ক্ষেত্রেই তাঁর এগিয়ে আসার ঘটনা নতুন নয়। তবে এবার তিনি যা করলেন, তাতে সত্যিই আপ্লুত হয়ে গিয়েছে পুরো ইন্ডাস্ট্রি এবং তাঁর দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়ো দেখেই প্রশংসার ঢল নেমেছে।
সম্প্রতি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির ছিলেন দেব। মঞ্চে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা করেন—‘রঘু ডাকাত’ ইভেন্ট থেকে উপার্জিত এক টাকাও তিনি নিজের কাছে রাখবেন না। সেই সমস্ত অর্থই তিনি তুলে দেবেন ফেডারেশনের হাতে। এই ঘোষণা শুনে উপস্থিত সকলে আনন্দে এবং আবেগে মেতে ওঠেন।
আর দেব শুধু ঘোষণা করেই ক্ষান্ত থাকেননি—নিজের হাতে ৪ লাখ ১৭৭ টাকার পুরোটাই ফেডারেশনের কাছে তুলে দেন। ৪৯ টাকা প্রতি টিকিটে আয় হওয়া সবটুকু ফেরত দিয়ে তিনি যেন বারবার সেই কথাই মনে করিয়ে দিলেন, টলিউড পরিবারের পাশে তিনি সবসময় আছেন। ইন্ডাস্ট্রির স্বার্থে তাঁর এই উদ্যোগে প্রশংসার ঝড় উঠেছে সর্বত্র।
আরও পড়ুনঃ ঋত্বিক ঘটকের স্মরণে ‘অ২’! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল সুমন মৈত্রর নতুন ছবি!
এই অনুষ্ঠানের আসল চমক ছিল দেব-কুণাল ঘোষের সম্পর্কের বরফ গলা। বেশ কিছুদিন ধরে দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটা এবার মঞ্চেই গলে যায়। কুণালের অভিনয়ের দারুণ প্রশংসা করেন দেব, আর মজার ছলে অতীতের মনোমালিন্যকেও তুলে ধরেন। দেবের সেই রসিকতার উত্তরে কুণালও হাসিমুখে বন্ধুত্বপূর্ণ খুনসুটিতে সামিল হন।
শেষ পর্যন্ত পুরোনো সব অভিমান সরিয়ে ফেলে কুণাল ঘোষও দেবকে মন থেকে শুভেচ্ছা জানান। বলেন, সম্পর্ক আগেও যেমন দাদা-ভাইয়ের মতো ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই অনুষ্ঠান তাই শুধু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্যাপনই নয়, বরং টলিউডে আবারও একতার ছবি তুলে ধরল—যার কেন্দ্রেই ছিলেন দেব, একজন সত্যিকারের ‘রিয়েল লাইফ হিরো’।





