শনিবারের মতোই রবিবারের ‘দাদার দরবারে’ও বিগ বসের ঘরে (Bigg Boss) ছিল ভরপুর উত্তেজনা ও আনন্দের আমেজ। সারা সপ্তাহের প্রতিযোগীদের ভালো কাজ, ভুলত্রুটি এবং বিভিন্ন কার্যকলাপ নিয়ে কাটাছেঁড়া করেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে শনিবার গম্ভীর আলোচনার রেশ কাটতেই রবিবারের পর্বে আসে অন্যরকম এক রঙ। সমস্ত প্রতিযোগীকে নিয়ে মজাদার খেলাধুলোর আয়োজন করা হয়, যা ঘরোয়া পরিবেশকে আরও হালকা ও জমজমাট করে তোলে।
রবিবারের এই বিশেষ পর্বে ক্যামেরার সামনে ধরা পড়ে বেশ কিছু অপ্রত্যাশিত মুহূর্ত, যা দেখে দর্শকরাও বেশ অবাক হয়েছেন। ঘরের ভেতরে যাঁদের মধ্যে সবসময় আদায়-কাঁচকলায় সম্পর্ক এবং মাঝেমধ্যেই ঝামেলা-অশান্তি লেগেই থাকে, তাঁদেরই একসঙ্গে মজার খেলায় মেতে উঠতে দেখা যায়। বিশেষ করে সৃজলা ও রাজবীর এবং সোনামণি ও রাজবীরের কাপেল ডান্স গোটা পরিবেশকে মাতিয়ে তোলে। শত মতবিরোধ ভুলে সকলের এই অংশগ্রহণ দর্শকদের দারুণ বিনোদন জোগায়।
এই মজার খেলা ও খুনসুঁটির মাঝেই ঘটে এক অপূর্ব মুহূর্ত। চিরপ্রতিদ্বন্দ্বী বা একে অপরের সঙ্গে মতের মিল না হওয়া সত্ত্বেও, সোনামণি সকলের সামনে নিজের মুখেই রাজবীরের প্রশংসা করেন। তাঁদের এই সম্পর্কের বরফ গলা এবং একে অপরের প্রতি এই ইতিবাচক মনোভাব ঘরের সমীকরণকে কিছুটা হলেও বদলে দিয়েছিল, যা সহপ্রতিযোগীদেরও বেশ অবাক করেছিল। এছাড়াও ঘরের প্রত্যেক সদস্যই রাজবীরের ক্যাপ্টেন্সির প্রশংসা করে অনেক ভালো ভালো মন্তব্য করে।
তবে সমস্ত আনন্দের মাঝেও এদিন ঘটে এক বিষাদের ঘটনা, কারণ নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগীকে যে ঘর থেকে বিদায় নিতেই হতো। দর্শকদের কাছ থেকে সবথেকে কম ভোট পাওয়ায় গতকালের পর্বে বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হয় সোনামণিকে। এর মাধ্যমেই তাঁর দীর্ঘ ৭০ দিনের বিগ বস যাত্রার ইতি ঘটে। তাঁর এই হঠাৎ বিদায়ের ঘোষণায় গোটা ঘর স্তব্ধ হয়ে যায় এবং বিদায়বেলায় প্রতিযোগীদের চোখে জল দেখা দেয়।
আরও পড়ুনঃ এন্টারটেইনমেন্টের নামে খাবার নষ্ট! জিতু-সৃজলাকে কড়া ধ’মক সৌরভ গাঙ্গুলীর! কেমন কাটল বিগ বসের শনিবারের ‘দাদার দরবার’?
বিদায় নেওয়ার আগে ঘরের নিয়মানুযায়ী নিজের স্মৃতির মূল্যবান মুহূর্ত দেওয়ালে রেখে যান সোনামণি। সহপ্রতিযোগীদের বুকভাঙ্গা ভালোবাসা, চোখের জল আর একরাশ স্মৃতির বোঝা মাথায় নিয়ে তিনি চিরতরে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যান। ৭০ দিনের এই দীর্ঘ জার্নি শেষ করে তাঁর এই প্রস্থান পুরো সিজনের অন্যতম এক আবেগঘন ও স্মরণীয় অধ্যায় হয়ে রইল।





