বাংলার জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর কিরণ দত্ত, যিনি ‘বং গাই’ নামেই বেশি পরিচিত, আবারও আলোচনায় উঠে এলেন ব্যক্তিগত জীবন নিয়ে। তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে কনটেন্ট ক্রিয়েটর অন্তরা মজুমদারের। সোশ্যাল মিডিয়ায় ‘আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই’ নামে পরিচিত অন্তরাও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি এই জুটি।
সম্প্রতি কলকাতায় আয়োজিত একটি কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন কিরণ ও অন্তরা। অনুষ্ঠানস্থলে পাপারাজ্জিদের সামনে দুজনেই হাসিমুখে ছবি তোলেন। কিরণকে দেখা যায় নীল শার্ট ও হালকা রঙের প্যান্টে, আর অন্তরা ছিলেন ন্যুড শেডের পোশাকে। তাঁর কালো ফ্রেমের চশমাও নজর কাড়ে উপস্থিত সকলের।
ছবি তোলার পর বেরিয়ে যাওয়ার সময় এক আলোকচিত্রী কিরণকে প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন তাঁরা। উত্তরে কিরণ মজার ছলেই বলেন, “এই বছরই…”। তারপরই অন্য প্রসঙ্গে কথা ঘুরিয়ে দেন তিনি। যদিও তাঁর মুখের হাসি ও স্বাভাবিক ভঙ্গি দেখে অনেকেই মনে করছেন, মন্তব্যটি পুরোপুরি ঠাট্টার হলেও সম্পর্ক নিয়ে ইঙ্গিত ছিল স্পষ্ট।
কিরণ ও অন্তরাকে প্রায়ই একসঙ্গে দেখা যায় বিভিন্ন জায়গায়। বিদেশ সফর, পারিবারিক অনুষ্ঠান, পুজোর আড্ডা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো, সব ক্ষেত্রেই একসঙ্গে থাকেন তাঁরা। শুধু তাই নয়, কিরণের পরিবারের সঙ্গেও অন্তরার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ বলেই জানা যায়। অনেক অনুরাগীর মতে, তাঁদের সম্পর্ক এখন আরও পরিণত জায়গায় পৌঁছেছে।
আরও পড়ুনঃ নামের বানানে বদল আনলেন রুক্মিণী! হঠাৎ কেন এই সিদ্ধান্ত অভিনেত্রীর?
গত বছর কিরণের জন্মদিনে অন্তরা একটি আবেগঘন পোস্ট করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেখানে তিনি কিরণের সুখ, সুস্থতা ও সাফল্য কামনা করেন। অন্যদিকে কিরণও নিজের কাজের মাধ্যমে শুধু বাংলা নয়, দেশের বাইরেও জনপ্রিয়তা পেয়েছেন। রোস্ট ভিডিও, সিনেমা রিভিউ থেকে শুরু করে সামাজিক বিষয়েও সরব থেকেছেন তিনি, যা তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছে।





