বৃন্দাবনে কন্যাসন্তানের জন্ম, মা হলেন বিদেশিনী চিন্তামণি, বাবা অভিনেতা গৌরব মণ্ডল!

রাধা-কৃষ্ণের প্রেমে মজে, সুদূর রাশিয়া ছেড়ে বৃন্দাবনে ঘর বেঁধেছিলেন চিন্তামণি ডায়না। সঙ্গী টলিউড অভিনেতা গৌরব মণ্ডল। সম্প্রতি সুখবর ভাগ করে নিয়েছেন দু’জনে— তাঁদের কোল আলো করে এসেছে প্রথম সন্তান। বৃন্দাবনেই জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান।

চিন্তামণির শিকড় রাশিয়ার সারাটোভ শহরে। তাঁর পরিবার বহুদিন ধরেই ইস্কনের সঙ্গে যুক্ত। সেই সূত্রে ছোটবেলা থেকেই কৃষ্ণভক্তির পরিবেশে বড় হওয়া। ইস্কনের এক আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভারতে আসা, তারপর এখানেই গড়ে ওঠে জীবন। গৌরবের সঙ্গে আলাপ, প্রেম— আর সেখান থেকেই শুরু নতুন পথচলা।

২০২২ সালে আংটি বদলের মাধ্যমে সম্পর্কে সিলমোহর দেন তাঁরা। এরপর ২০২৫ সালের জানুয়ারি মাসে বৃন্দাবনেই সামাজিক রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে আইনি বিয়েও সেরে ফেলেছিলেন তাঁরা।

গৌরব মণ্ডলকে শেষবার দেখা গিয়েছে কালার্স বাংলার ধারাবাহিক ‘নয়নতারা’তে। একসময় টেলিভিশন অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক, যা শেষ হয় করোনা পর্বে। এরপর জীবনে আসে চিন্তামণি— যাঁর সঙ্গে গৌরবের সম্পর্ক যেন একেবারে রাধা-কৃষ্ণের মতো নিবিড়। এখন তাঁদের সংসার আরও সুন্দর— কারণ তৃতীয় সদস্য হিসেবে যোগ দিয়েছে তাঁদের রাজকন্যা। তবে এখনও নবজাতিকার মুখ প্রকাশ্যে আনেননি গৌরব-চিন্তামণি।