আরজি কর কাণ্ড নিয়ে ফের রাজনৈতিক মহলে নতুন আলোচনা। বারাসতের তৃণমূল বিধায়ক এবং অভিনেতা চিরঞ্জিৎ এবার সরাসরি বললেন, তাঁর মনে হয় না সব অপরাধী ধরা পড়েছে। সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
শনিবার বারাসতে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিরঞ্জিৎ বলেন,
“না, আমার মনে হয় না সব ধরা পড়েছে। সবারই মনে হয় না। সিবিআই চোখ বন্ধ করে আছে। কেন্দ্রীয় সরকার কী করছে?”
নির্যাতিতার পরিবারের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত। সেই প্রসঙ্গেও বিধায়ক বলেন, “হ্যাঁ, তাদের ধরতে হবে। কিন্তু ধরছে না তো! সিবিআইকে পয়েন্ট আউট করতে হবে, তারা গিয়ে দেখুক। আমি শুনেছি, ৯ নম্বর ঘরে নাকি রক্তের দাগ আছে, কিন্তু এখনও সেই ঘরের তালাই খোলা হয়নি। অনেককে তো এখনও জেরা করা হয়নি।”
তবে এই মন্তব্য তৃণমূলের সরকারি অবস্থানের সঙ্গে কিছুটা বিরোধী। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “উনি দায়িত্বশীল নাগরিক এবং বিশিষ্ট অভিনেতা। যদি ওঁর কাছে তথ্য থাকে, সিবিআই অফিসে গিয়ে জানানো উচিত। বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর মানে নেই।”
আরও পড়ুনঃ ৩৩ বছর বয়সে কিশোরী ঋতাভরী, প্রথম ধারাবাহিকের স্মৃতিতে আবেগঘন পোস্ট! নস্টালজিয়ায় ভাসলেন নায়িকা!
এদিন নবান্ন অভিযানে নির্যাতিতার মা আহত হওয়ার বিষয়েও চিরঞ্জিৎ প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “কে করেছে বোঝা যাচ্ছে না। যারা নিয়ে গিয়েছিল, নিরাপত্তা দেওয়া উচিত ছিল। সেটা ঠিকভাবে হয়নি। তবে এই ঘটনার সমাধান হওয়া দরকার।”





