‘নিজের বউকে বলুন…’, ক্ষেপে আগুন শ্রীময়ী! কাঞ্চনের সঙ্গে ছবি ঘিরে ফের বিতর্কের ঝড়

সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন শ্রীময়ী এবং তাঁর পাশে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক। সৈকত-বিলাসের সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে সম্ভবত থাইল্যান্ডের কোনও বিচে। তবে ছবি পোস্ট করার পরপরই শুরু হয়ে যায় কটাক্ষ, সমালোচনা, প্রশ্নের বন্যা।

এখন তো শুধু অভিনেতা নন, কাঞ্চন তৃণমূল বিধায়কও। ফলে জনসমক্ষে তাঁর কোনও ছবিই যেন সাধারণের চোখ এড়ায় না। আর সেখানে শ্রীময়ীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে কেউ কেউ শুরু করলেন উপদেশ দেওয়া। এক জন মন্তব্য করে বসলেন, “বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?” আর এই মন্তব্যেই রেগে লাল হয়ে গেলেন শ্রীময়ী।

সাধারণত এসব মন্তব্যের জবাবে সাড়া দেন না অভিনেত্রী। তাঁর ইনস্টাগ্রাম বা ফেসবুকেও কমেন্ট সেকশন এমনিতেই খুব একটা খোলা থাকে না। কিন্তু এবার আর চুপ থাকলেন না। তিনি লিখলেন, “আপনি যে লেভেলে আছেন, তাতে কোনও শিক্ষা আপনাকে শিক্ষা দিতে পারবে না। এই বয়সে আপনার মা-ই আপনাকে শেখাতে পারেননি, নিজের বউকে বলুন যদি পারেন কিছু শেখাতে। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে এসে তাঁকে ‘হট’ বলার দরকার পড়বে না।”

তবে এই ঝাঁঝালো জবাব পোস্ট করার কিছুক্ষণ পরেই সেটি ডিলিট করে দেন শ্রীময়ী। আপাতত নিজের পরিবার আর ছোট্ট সন্তানকে সময় দিচ্ছেন তিনি। ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক থেকেও তাই সরে এসেছেন কিছুদিনের জন্য।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই কোনও একটি রিয়্যালিটি শো-এ একসঙ্গে দেখা যেতে পারে কাঞ্চন-শ্রীময়ীকে। ফলে আবারও নতুন করে চর্চায় এই জনপ্রিয় জুটি। যদিও সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্ক ঘিরে কটাক্ষ যে থামবে না, তা বলাই বাহুল্য।