দর্শকের মুখে হাসি ফোটানো সেই অভিনেতা আজ কোথায়? টলিউডের আড়ালে দেবাশীষ গাঙ্গুলী!

একসময় টলিউডে তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের, হাসির খোরাক জুগিয়েছিলেন প্রতিটি দৃশ্যে। কিন্তু আজ তিনি যেন একেবারে আড়ালে! কথা হচ্ছে জনপ্রিয় অভিনেতা দেবাশীষ গাঙ্গুলীকে নিয়ে। এমন একজন গুণী শিল্পী, যিনি বড়পর্দা এবং ছোটপর্দা—দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় ছিলেন, কিন্তু এখন আর কোথাও তাঁকে দেখা যায় না।

টলিউডে পা রাখার আগে থিয়েটারই ছিল দেবাশীষবাবুর অভিনয়ের প্রথম ভালোবাসা। শখের বসেই অভিনয় শুরু করেছিলেন, আর সেই শখই পরে পেশায় রূপ নেয়। থিয়েটারের মঞ্চে নিজেকে গড়ে তোলার পর তিনি টেলিভিশন এবং সিনেমা—দুই মাধ্যমেই সমান দক্ষতায় কাজ করেন।

ছোটপর্দায় তাঁর প্রথম কাজ ছিল ‘বাংলার ডাকাত’। এরপর একে একে ‘নদের নিমাই’, ‘এই ঘর এই সংসার’, ‘লুকোচুরি’, ‘আলোর ভাষা’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। বড়পর্দায়ও তাঁর কাজের পরিসর বিশাল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যীশু সেনগুপ্ত, দেবের মতো নামী অভিনেতাদের সঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন।

দেবাশীষ গাঙ্গুলী বিশেষভাবে জনপ্রিয় ছিলেন কৌতুক চরিত্রে। কমেডিয়ান হিসেবেই দর্শকরা তাঁকে বেশি মনে রেখেছে। তবে পার্শ্ব চরিত্র হলেও তাঁর অভিনয় ছিল দর্শকের মনে গেঁথে যাওয়ার মতো। তাঁর অভিনয় দক্ষতা বারবার প্রশংসিত হলেও, টলিউড থেকে যে সম্মান এবং মর্যাদা তিনি প্রাপ্য ছিলেন, তা ঠিকভাবে পাননি।

বর্তমানে বহু বছর ধরে আর তাঁকে তেমনভাবে টিভি কিংবা সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে কিছু কম বাজেটের ছবিতে দেখা গেলেও, টলিউডে তাঁর মেধা ও প্রতিভার যথাযথ মূল্যায়ন হয়নি বলেই মনে করেন অনেকে।

তবু আজও দর্শকদের মনে রয়েছেন দেবাশীষ গাঙ্গুলী। তাঁর অভিনয়, তাঁর হাস্যরস, এখনও দর্শকদের মন ছুঁয়ে যায়। তিনি হারিয়ে যাননি, বরং থেকেও অদৃশ্য—একজন শিল্পী যিনি প্রাপ্য মর্যাদা না পেয়ে থেকেছেন আড়ালে।