টেলিভিশনের পর্দায় ‘চিঠি’ নামেই যাঁকে সবাই চেনে, সেই দেবচন্দ্রিমা সিংহ রায় এখন আরও এক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন। বাংলা ধারাবাহিকের পাশাপাশি হিন্দি টেলিভিশনেও কাজ করে ইতিমধ্যেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি। বর্তমানে তিনি রয়েছেন মুম্বইয়ে, যেখানে নিজের স্বপ্নের ফ্ল্যাট কিনে শুরু করেছেন নতুন জীবন। শুধু অভিনয়েই নয়, ইউটিউবেও সমান জনপ্রিয় দেবচন্দ্রিমা। এবার সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে একেবারে নতুন পথে যাত্রা শুরু করলেন তিনি।
অভিনয় ও ডিজিটাল কনটেন্ট তৈরির পাশাপাশি এবার ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন দেবচন্দ্রিমা। নিজের নতুন শাড়ির ব্র্যান্ড লঞ্চ করলেন তিনি, যার নাম ‘দিরা’। এই ব্র্যান্ডকে ঘিরে তাঁর আবেগ ও ভালবাসার প্রকাশ তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ বার্তায়।
ইনস্টাগ্রামে ব্র্যান্ডের ছবি পোস্ট করে দেবচন্দ্রিমা লেখেন, “দীর্ঘদিন ধরে ‘দিরা’ নামটি আমার হৃদয়ের এক কোণে বাস করত। আমার শৈশব, জীবনের নানা টানাপোড়েন, গুরুত্বপূর্ণ মুহূর্ত—সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে এই নাম। ‘দিরা’ শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়, এটি আমার আত্মার প্রতিফলন। এটি আমার পূর্বসূরি নারীদের শক্তি এবং ভবিষ্যতের নারীদের সৌন্দর্যকে উদযাপন করে। আমি বিশ্বাস করি, একটি শাড়ি হওয়া উচিত সুন্দর, শিকড়হীন এবং কালজয়ী—একটি অনুভব, একটি গল্প।”
তিনি আরও জানান, প্রতিটি শাড়ির সুতা, রঙ, এবং টেক্সচার যত্ন সহকারে বেছে নেওয়া হয়েছে, শুধুমাত্র পোশাক নয়, বরং এক অনুভূতির প্রতীক হয়ে উঠুক বলেই তৈরি হয়েছে এই সংগ্রহ।
আরও পড়ুনঃ আট মাসের বিরতির পর ছোট পর্দায় ফিরছেন অন্বেষা রায় মুখোপাধ্যায়, ‘কম্পাস’ ধারাবাহিকে নতুন ভূমিকায়
দেবচন্দ্রিমার এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের কাছে এক নতুন চমক। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও উদ্যোক্তা হিসেবে তাঁর এই যাত্রাও যে সাফল্যমণ্ডিত হবে, তা বলাই বাহুল্য।





