জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড’ নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঞ্চালনায় দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে কয়েক মাস আগে খবর সামনে আসে যে, এবার আর তাঁকে এই শোতে দেখা যাবে না। একই সময়ে শোনা যায়, স্টার জলসার ‘বিগ বস’-এর সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। এমনকি সেই অনুষ্ঠানের গ্র্যান্ড লঞ্চও ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
এরপর থেকেই ‘দাদাগিরি’-র ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। প্রথমে শোনা গিয়েছিল, এবার নাকি ‘দাদাগিরি’-র বদলে আসবে ‘ড্রামাবাজ’। সেই অনুষ্ঠানের প্রোমোও প্রকাশ্যে আসে। তবে পরে আবার খবর ছড়ায়, ‘সা রে গা মা পা’-র পর ফের ফিরছে ‘দাদাগিরি’। তখন থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন ওঠে, সৌরভের জায়গায় এবার কে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন।
এই জল্পনার মাঝেই একাধিক নাম সামনে আসে। কখনও শোনা যায় টেনিস তারকা লিয়েন্ডার পেজের নাম, আবার কখনও উঠে আসে অভিনেতা দেবের নাম। পরে নির্মাতাদের তরফে ইঙ্গিতও মেলে যে, দেবকেই দেখা যেতে পারে এই শোয়ের নতুন মুখ হিসেবে। এবার সেই জল্পনাই আরও জোরালো হল। জানা গিয়েছে, ইতিমধ্যেই ‘দাদাগিরি’-র নতুন প্রোমোর শ্যুটিং সেরে ফেলেছেন দেব।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খুব শীঘ্রই চ্যানেলের তরফে সেই প্রোমো প্রকাশ করা হবে। যদিও খেলার নিয়ম বা ফরম্যাটে কোনও পরিবর্তন আসছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আগের মতোই জেলার বিভিন্ন জায়গায় অডিশন হবে বলে জানা যাচ্ছে। ফলে সাধারণ মানুষও আগের মতোই অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি বিশেষ পর্বে তারকাদের উপস্থিতিও থাকছে।
আরও পড়ুনঃ ‘দিদিই সব!’ তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ অরিত্রর! সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক!
এর আগে বহুবার অতিথি প্রতিযোগী হিসেবে ‘দাদাগিরি’-র মঞ্চে এসেছেন দেব। তবে এবার প্রথমবার সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। এর আগে স্টার জলসার ‘ডান্স ডান্স’ অনুষ্ঠানে বিশেষ সঞ্চালক এবং বিচারকের দায়িত্বও সামলেছেন তিনি। উল্লেখ্য, এই প্রথম নয় যে সৌরভ গঙ্গোপাধ্যায় ‘দাদাগিরি’-তে থাকছেন না। অতীতেও কয়েকটি সিজনে তাঁর জায়গায় সঞ্চালনায় দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে।





