টলিউডে এখন যদি কেউ সুপারস্টার শব্দটা সত্যিই প্রমাণ করেন, তাহলে প্রসেনজিতের পর নিঃসন্দেহে দেব আর জিৎ-ই সেই তালিকায় থাকবেন। দেবের একের পর এক ছবি করোনা পরবর্তী সময়ে দারুণ সাফল্য পেয়েছে। আর এখন তো নিজেই ছবি প্রযোজনা করছেন, তাও আবার একেবারে নতুন ভাবনায়—যা দর্শকরা বেশ উপভোগ করছেন।
কিন্তু জানেন কি, এই সফল অভিনেতার জীবনেও একসময় নেমে এসেছিল অবসাদের ঘন কালো ছায়া?
সম্প্রতি আসন্ন ছবি ‘কাছের মানুষ’–এর প্রচারে এসে দেব নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা প্রথমবারের মতো শেয়ার করলেন। তিনি বললেন, কেরিয়ারের শুরুটা ছিল বেশ ভালো। পরপর হিট ছবি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। কিন্তু একটা সময় এল যখন একের পর এক ছবি ফ্লপ হতে শুরু করল। তখনই ধীরে ধীরে অবসাদ তাকে গ্রাস করেছিল।
সবচেয়ে খারাপ সময়টা ছিল যখন তিনি রাজনীতিতে এসেছিলেন, সাংসদ হয়েছিলেন। ঠিক তখনই তার পেশাগত জীবনটা হোঁচট খাচ্ছিল। ছবি ফ্লপ করছিল, পরিচালকরা তাকে নিয়ে উৎসাহী ছিলেন না, এমনকী অনেক নায়িকাও তাকে এড়িয়ে চলতেন। এমন কথাও তাকে শুনতে হয়েছে—”তোমার সময় শেষ!”
কিন্তু দেব হাল ছাড়েননি। নিজের উপর বিশ্বাস রেখে একে একে ঘুরে দাঁড়িয়েছেন। তিনি বলছেন, “শেষ ৪টি ছবি তো ভালোই চলেছে! তাই মনে করি, কোনও কিছুর শেষ মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। আবার শুরু করা যায়, ঘুরে দাঁড়ানো যায়।”
‘কাছের মানুষ’ ছবিতেও মানসিক অবসাদের থিম রয়েছে, কিন্তু সেটা কোনওভাবেই হতাশাজনক নয়—বরং আশার কথা বলে। দেব চান মানুষ বুঝুক, ডিপ্রেশন থাকা মানেই ভেঙে পড়া নয়।
আর এক জিনিস খুব স্পষ্ট করে দিলেন দেব—যখন অনেকেই বলিউড বা অন্য ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছেন, তখন তিনি বাংলা ইন্ডাস্ট্রিকেই ভালোবাসেন। তিনি স্পষ্ট বললেন, “সবাই যদি বাংলা ছবি ছেড়ে চলে যায়, তাহলে কাজ করবে কে? বাংলা ছবিকে দেখবে কে?” তার কথায়, পালিয়ে যাওয়ার লোক তিনি নন।
এই ছবিতে দেবের সঙ্গে রয়েছেন স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জী। দুজনেই পরস্পরের প্রতি ভীষণ সম্মানী। দেব বলছেন, “আমাদের মধ্যে কোনও ইগো নেই, কেউ কারও উপর দাদাগিরি করে না। কাজ করতে করতে একটা কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে।”
আরও পড়ুনঃ আপনাদের সময় শেষ’ পিসি-ভাইপো, চটিচাটা সংলাপে ক্ষুব্ধ রূপাঞ্জনা! আপত্তিকর বাকস্বাধীনতা নিয়ে তোপ দাগলেন নায়িকা!
সব মিলিয়ে দেবের ‘কাছের মানুষ’ শুধু একটা সিনেমা নয়, এটা একজন অভিনেতার ব্যক্তিগত লড়াই, ঘুরে দাঁড়ানোর গল্প এবং এক অনন্য বার্তা—জীবন থেমে থাকে না, আপনি চাইলে সবকিছু নতুন করে শুরু করা যায়।





