আরজি কর হাসপাতালে (R G Kar Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনার জেরে এখনও ধুন্ধুমার শহর- শহরতলি। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। তিলোত্তমার সুবিচার ও নারীদের নিরাপত্তার দাবিতে, প্রতিবাদে শামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তবে শুধু বাংলা নয়, তিলোত্তমার বিচারের দাবিতে গর্জে উঠেছে দেশবাসী। এমনকী প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসীরাও। অপরাধীর শাস্তির দাবিতে মিছিল চলছে শহর জুড়ে। লক্ষ লক্ষ মানুষের কন্ঠে শোনা যাচ্ছে একটাই স্লোগান, ‘উই ওয়ান্ট জাস্টিস’ (We Want Justice)।
এমনকি তিলোত্তমার প্রতিবাদের মিছিলে নেমেছেন টলিপাড়ার তারকারাও। তবে দেখা মেলেনি সাংসদ তথা অভিনেতা দেব ও তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্রের। আসলে দেশের বাইরে ছুটি কাটাচ্ছেন দুজনে। বালির শহর থেকে নানা লেন্সবন্দি মুহূর্ত নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করেন তাঁরা। বাংলার এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যেই সৌদি সফরের ছবি শেয়ার করে ট্রোলের মুখে পড়েছেন এই টলি অভিনেতা। তাঁর দায়িত্ব জ্ঞানহীনতা নিয়েও সওয়াল করেছেন নিন্দকরা, তবে পালটা জবাব দেননি দেব।

প্রসঙ্গত, আরজিকর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সেভাবে সোচ্চার হননি বাংলার এই তৃণমূল সাংসদ। যদিও এই পরিস্থিতিতে নিজের আসন্ন ছবি খাদানের টিজার লঞ্চ অবশ্য পিছিয়ে দিয়েছেন দেব। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভয়ানক আরজি কর ঘটনার জন্য আমরা সকলে অত্যন্ত দুঃখিত এবং ক্ষুব্ধ। এই ধরণের নক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা গোটা টিম একসঙ্গে রয়েছি। সেই কারণেই খাদানের টিজার রিলিজের তারিখ পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। তবে এর বাইরে আর কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় দেবকে কম তুলোধনা করেনি নেটিজেনরা। এমনকি ‘চটিচাটা’, ‘ভুয়ো নায়ক’ বলতেই পিছুপা হননি তারা।
কলকাতায় ফিরেই কেন হাসপাতালে ছুটলেন দেব?
সম্প্রতি গার্লফ্রেন্ড রুক্মিণীর সঙ্গে দেশে ফিরেছেন অভিনেতা। তবে কয়েক ঘণ্টা যেতে না যেতেই মিলল দুঃসংবাদ। এদিন কালো টিশার্ট আর টুপি মাথায় হাসপাতালে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। দেবের সঙ্গে ছিলেন তাঁর আপ্ত সহায়কও। জানা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছেন দেবের বাবা গুরুপদ অধিকারী। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রযোজক।
কি হয়েছে দেবের বাবা গুরুপদ অধিকারীর?
অভিনেতার বাবার অসুস্থতার খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিনেতার ম্যানেজার। জানা যাচ্ছে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে, আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। দেবের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে, হার্টে ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করছেন। প্রয়োজনে স্টেন্টও বসাতে হতে পারে। তবে আপাতত তিনি স্থিতিশীল। শহরে ফিরেই বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব।
আরও পড়ুন: জলের তোরে ভেসে গেল দীপা! মাঝ নদীতে দীপার হাত ছেড়ে দিল সূর্য!
প্রসঙ্গত, দেব এন্টারটেনমেন্ট প্রোডাকশনের মাথা দেবের বাবা গুরুপদ অধিকারী। একটা সময় মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং সার্ভিসের কাজ করতেন দেবের বাবা। কষ্টার্জিত টাকায় ছেলেকে ইঞ্জিয়ার বানান। তবে ছোট থেকে ফিল্মের সেটে যাতায়াত ছিল দেবের। তারপরই কলকাতায় এসে শুরু হয় নায়ক হওয়ার স্ট্রাগল ।





