ধনতেরাস মানেই সমৃদ্ধির প্রার্থনা, নতুন কিছু কেনাকাটা আর পরিবারের হাসিমুখ। ঠিক সেই ঐতিহ্য মেনেই প্রথম ধনতেরাস উদযাপন করলেন টলিউডের তারকা দম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁদের একমাত্র কন্যা কৃষভি এখনও বয়সে মাত্র ১১ মাস। এই প্রথম উৎসবে এতটা জমকালোভাবে অংশ নিল সে। দিনটা আরও বিশেষ হয়ে উঠল যখন বাবা কাঞ্চন মেয়ের জন্য নিয়ে এলেন সোনার উপহার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শ্রীময়ীর ভিডিও দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা।
শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শ্রীময়ী। সেখানে তিনি পরিবারের সঙ্গে ধনতেরাস উদযাপনের কথা জানান। ভিডিওর শুরুতেই শ্রীময়ীর মুখে শোনা যায় শুভেচ্ছা বার্তা, “সকলকে শুভ ধনতেরাস। উৎসব মানেই আনন্দ, ভালোবাসা। আমি মনে করি ঈশ্বরকে ডাকতে গেলে কোনো ধর্ম বা জাতের দেওয়াল দরকার হয় না। ভালোবাসা আর ভক্তিই বড়।” এরপর তিনি জানান, এই বিশেষ দিনে তাঁদের ছোট্ট ‘লক্ষ্মী’ কৃষভির জন্য বিশেষ উপহার এনেছেন বাবা কাঞ্চন। একটি সুন্দর লাল গয়নার বাক্স ছোট্ট হাত দিয়ে তুলে ধরতেই খুশিতে চোখ জ্বলজ্বল করতে দেখা যায় কৃষভির। তবে ভিতরে ঠিক কী গয়না ছিল, তা রহস্যই রেখে দিলেন শ্রীময়ী। ইচ্ছে করেই খুলে দেখালেন না ক্যামেরার সামনে।
গত বছর কালীপুজোর পরপরই জন্ম নেয় কৃষভি। সেই সময়ও ছিল চমক। গর্ভাবস্থার খবর গোপন রেখেছিলেন শ্রীময়ী ও কাঞ্চন। কোনোভাবেই খবরটির আঁচ পেতে দেননি কেউকে। কালীপুজোর রাতে একটি ছবি ভাইরাল হয়, যেখানে শাড়ির ভাঁজের ফাঁক দিয়ে ধরা পড়ে শ্রীময়ীর বেবিবাম্প। সেখান থেকেই শুরু হয় তুমুল আলোচনার ঝড়। কয়েক দিনের মধ্যেই সামনে আসে খুশির খবর—দম্পতির জীবনে এসেছে কন্যা সন্তান।
২০২৪ সাল এই জুটির জীবনে সত্যিই বিশেষ একটি বছর। ১৪ ফেব্রুয়ারি একান্তে আইনি বিয়ে করেন তাঁরা। এরপর মার্চে জাঁকজমকভাবে সম্পন্ন হয় সামাজিক বিয়ে। বয়সে ২৬ বছরের বড় কাঞ্চন, তবু সম্পর্কের দৃঢ়তা এবং একে অপরের প্রতি আস্থা তাঁদের আলোচনার কেন্দ্রে রাখে। বিয়ের সাড়ে আট মাসের মাথায় জন্ম নেয় তাঁদের সন্তান কৃষভি। কাঞ্চনের এটাই প্রথম সন্তান নয়। প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রয়েছে এক ছেলে, ওশ। তার বয়স ১১ বছর। ছেলে এবং নবজাতক—দুজনের দায়িত্বই আজ সমানভাবে সামলাচ্ছেন অভিনেতা।
আরও পড়ুনঃ ‘গুন্ডাবাজ কু’ত্তাগুলোর মাথা কাটুক…’- অরিজিৎ সিং-এর ক্ষোভে উত্তাল সমাজ মাধ্যম! শাসকদলকে সরাসরি আক্রমণ গায়কের!
শুরু থেকেই সমালোচনা আর বিতর্ককে পাশ কাটিয়ে প্রেম আর সংসার দুটোই সামঞ্জস্য রেখে এগিয়ে চলেছেন শ্রীময়ী ও কাঞ্চন। ধনতেরাসের ভিডিওতে সেই সুখী পরিবারেরই ছবি ধরা পড়ল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ছোট্ট মুহূর্ত দেখে অনেকে লিখেছেন, “কৃষভিই সত্যিই আপনাদের জীবনের আসল লক্ষ্মী।” আবার কেউ লিখেছেন, “সমাজের কথা না ভেবে যারা নিজেদের সুখকে প্রাধান্য দিতে জানে, তারাই আসলে জেতে।” ধনতেরাসে কৃষভিকে সোনার উপহার যত না দামি, তার চেয়ে বেশি মূল্যবান ছিল এই পরিবারের হাসি।





