‘খুব খুশি হয়েছি’ অভিনয়জীবনে বড় সাফল্য, অস্কারের সেমিফাইনালে মানসী সিনহা অভিনীত ছবি! আবেগপ্রবণ অভিনেত্রী!

অভিনেত্রী ও পরিচালক হিসেবে মানসী সিনহার সাফল্যের মুকুটে যোগ হল আরও এক উজ্জ্বল পালক! অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও প্রশংসা কুড়িয়েছেন তিনি, আর এবার তাঁর অভিনীত একটি ছবি জায়গা করে নিয়েছে অস্কার দৌড়ের সেমিফাইনালে!

ছবির নাম ‘দ্য উইচিং আওয়ার’। পরিচালনায় জুনেইদ আলভি। একাধিক ছোট ছোট গল্প নিয়ে তৈরি এই ভিন্ন ধারার বাংলা ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানসী।

মানসী জানালেন, “এই ছবির একটা বিশেষ জায়গা রয়েছে আমার মনে। পরিচালক জুনেইদ ও তাঁর টিম খুব যত্ন নিয়ে ছবিটা তৈরি করেছেন। আমি এই ছবিতে বেশ কিছু বাচ্চার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। আমার চরিত্রটা একটু আলাদা – বলা যেতে পারে, এক ধরনের ডাইনি বা ভূতের মতো।”

তবে এই ভূতের গল্প শুধুই ভয় দেখানোর জন্য নয়। মানসীর কথায়, “ছবিটা ভৌতিক ঘরানার হলেও এর ভেতরে রয়েছে গভীর সামাজিক বার্তা। আমাদের চারপাশের মানুষের মধ্যেই লুকিয়ে থাকা নানা বিকৃত মানসিকতার রূপগুলোই বিভিন্ন ধরনের ‘ভূত’ হিসেবে তুলে ধরা হয়েছে। একদমই আলাদা অভিজ্ঞতা।”

আর সবচেয়ে বড়ো কথা? এই ছবিটিই এবার অস্কার দৌড়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে! শুধু তাই নয়, ছবিটি বাফটা অ্যাওয়ার্ড-এর দৌড়েও আছে এবং নির্বাচিত হয়েছে রোহ আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর জন্যও।

মানসীর কথায়, “আমি খুবই খুশি যে এমন একটা ভিন্ন ধারার ছবির অংশ হতে পেরেছি। আর অস্কারের মতো একটা মঞ্চে নাম উঠে যাওয়া – এ তো স্বপ্নের মতো!”

অভিনয়, পরিচালনা— দুই দিকেই সমান দক্ষতায় বাজিমাত করছেন মানসী সিনহা। আগামী দিনে তিনি আরও কী চমক নিয়ে আসেন, এখন সেটাই দেখার।