হাসপাতালে ভর্তি ফাহিম মির্জা, শুটিং ফ্লোর থেকে সরাসরি অপারেশন টেবিলে! কীভাবে ঘটল এই দুর্ঘটনা? এখন কেমন আছেন তিনি?

শুটিং ফ্লোরের ব্যস্ত রুটিনের মাঝেই আচমকাই ধাক্কা খেতে হল জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জাকে। হ্যাঁ, ঠিকই পড়ছেন! সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়—হাসপাতালের বিছানায় শুয়ে, ডান হাতে মোটা প্লাস্টার, মুখে স্পষ্ট ব্যথার ছাপ—এই দৃশ্য দেখে চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী।

প্রথমে অনেকে ভাবছিলেন, এটা হয়তো কোনও ধারাবাহিকের শুটিং-এর অংশ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায়, না, এটা বাস্তব। ফাহিম সত্যিই আহত হয়েছেন।

বর্তমানে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু শুধু অভিনয়ই নয়, ফাহিমের আরেকটা ভালোবাসা হলো ক্রিকেট। শুটিংয়ের ফাঁকে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেলেই হারান না। আর সেখানেই ঘটে গিয়েছে অঘটন। ব্যাট করতে গিয়ে একটি তীব্র ঝাঁকুনিতে তাঁর ডান হাতে প্রচণ্ড আঘাত লাগে। যদিও তখন ব্যথা সহ্য করে খেলা চালিয়ে যান, এবং বাড়ি ফিরে নিজের মতো করে ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টাও করেন।

কিন্তু সমস্যার শুরু হয় পরে। এক সপ্তাহ যেতে না যেতেই হাত ফুলতে শুরু করে, ব্যথা অসহ্য হয়ে ওঠে। ফিজিওথেরাপির সময় প্রশিক্ষক বুঝতে পারেন, সমস্যা একটু বেশিই গভীর। এমআরআই রিপোর্টে উঠে আসে দুঃসংবাদ—ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ডাক্তাররা জানিয়ে দেন, অস্ত্রোপচার ছাড়া এই চোট সারানো যাবে না।

তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। রবিবার সফলভাবে অস্ত্রোপচারও হয়। ডাক্তার এক মাস পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও, ফাহিম জানিয়েছেন—পুরো মাস শুটিং থেকে দূরে থাকা তাঁর পক্ষে প্রায় অসম্ভব।

তবে হ্যাঁ, আপাতত শুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি। নিজেই ইনস্টাগ্রামে হাসপাতালের ছবি শেয়ার করে সবাইকে শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার ফের চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা আছে। স্ক্রিপ্টেও কিছু পরিবর্তন আনা হচ্ছে যাতে স্লিং ব্যাগে হাত ঝুলিয়েই অভিনয় চালিয়ে যেতে পারেন তিনি।

আরও পড়ুনঃ এক বছর পর ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়! কোন ধারাবাহিকে দেখা মিলবে তার?

সব ঠিক থাকলে শুক্রবার থেকেই ফের শুটিং ফ্লোরে ফিরতে পারেন ফাহিম। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি আমরা সকলেই!