এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত কেন্দ্রগুলির মধ্যে ছিল হাওড়ার শ্যামপুর। সেই কেন্দ্র থেকেই জয় পেয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক এবং আইনি সমস্যার মধ্যেও দলের ভরসা ছিল তাঁর উপরেই। শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ে জয় ছিনিয়ে এনে শ্যামপুরে পদ্ম ফোটাতে সক্ষম হন তিনি।
জয়ের পর বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যরকমভাবে নজর কাড়লেন হিরণ। সাধারণত অধিকাংশ বিধায়ক বাংলা বা অন্য পরিচিত ভাষায় শপথ নিলেও, তিনি বেছে নিলেন সংস্কৃত ভাষা। অত্যন্ত সাবলীল উচ্চারণে সংস্কৃত মন্ত্রপাঠের মতো করেই শপথ নিতে দেখা যায় তাঁকে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
নেটিজেনদের একাংশ হিরণের এই উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, তাঁর শুদ্ধ উচ্চারণ এবং আত্মবিশ্বাস আলাদা করে নজর কেড়েছে। কেউ কেউ আবার বলছেন, একজন জনপ্রতিনিধির মধ্যে শিক্ষিত ও মার্জিত আচরণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দেয়। সংস্কৃত ভাষায় শপথ নেওয়াকে অনেকেই ভারতীয় ঐতিহ্যের প্রতি সম্মান হিসেবেও দেখছেন।
শ্যামপুর আসনটি দীর্ঘদিন ধরেই বিরোধী দলের জন্য কঠিন বলে পরিচিত ছিল। সেই জায়গায় জয় পাওয়া যেমন বড় চ্যালেঞ্জ ছিল, তেমনই জয়ের পর হিরণের আচরণও রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির বদলে তিনি নিজের কাজ এবং ব্যক্তিত্ব দিয়েই আলাদা পরিচয় গড়ে তুলতে চাইছেন বলেই মত অনেকের।
আরও পড়ুনঃ স্ত্রীর জন্যই ঘনিষ্ঠ দৃশ্যে না বলছেন টোটা! হলিউডের কাজও ছাড়লেন অভিনেতা! চেনেন অভিনেতার স্ত্রীকে?
সংস্কৃত ভাষায় শপথ নিয়ে হিরণ যেন আধুনিক রাজনীতির মাঝে ঐতিহ্যের ছোঁয়াও তুলে ধরলেন। শ্যামপুরের মানুষ এখন আশা করছেন, যে আন্তরিকতা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, একইভাবে আগামী দিনে এলাকার উন্নয়ন এবং মানুষের সমস্যার দিকেও নজর দেবেন নতুন বিধায়ক।





