‘আমার মতন করে চেষ্টা করেনি, তাই সফল হয়নি’, সাক্ষাৎকারে কার দিকে আঙুল তুললেন মিঠুন?

পুজোতে একের পর এক ধামাকা ছবি আসতে চলেছে বক্স অফিসে। একদিকে বক্স অফিস কাঁপাতে চলেছে বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা যেমন আসছে ঋতাভরী-আবিরের (Abir-Ritabhari) বহুরূপী, দেব-রুক্মিণীর (Dev-Rukmini) টেক্কা অন্যদিকে ৮০ দশকের অন্যতম সেরা জুটি মিঠুন-দেবশ্রীর (Mithun-Debosree) শাস্ত্রী। আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে এই তিনটি ছবি। বক্স অফিস কে কাঁপাতে চলেছে এবারে সেটাই দেখার অপেক্ষা।

এরই মাঝে সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শেষবার প্রজাপতি ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এবারে পূজোতে আরো একবার চেনা ছন্দে ফিরছেন অভিনেতা। এছাড়াও ছবির বড় চমক হল ছবিতে দেখা যাবে ৮০ দশকের সেরা জুটি মিঠুন দেবশ্রীকে। দীর্ঘ ১৬ বছর পর আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছেন দুজনে। একসময় এই জুটি দর্শকদের অত্যন্ত পছন্দ ছিল। তবে ব্যক্তিগত কারণে দুজনেই পরবর্তী সময়ে আর একসাথে বড় পর্দায় ধরা দেননি। দর্শকদের অনুরোধে দীর্ঘ ১৬ বছর পর আবার এই জুটি ফিরছে। শাস্ত্রী ছবি পরিচালনা দায়িত্ব আছেন পথিকৃৎ বসু এবং প্রযোজনা করছে সোহমের প্রযোজনা সংস্থা।

সাক্ষাৎকারে ছবি নিয়ে কথা বলেন অভিনেতা

সম্প্রতি সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর হাত ভাঙ্গা অবস্থায় দেখা গিয়েছে। সম্ভবত ছবির শুটিং করতে গিয়েই আঘাত পেয়েছেন অভিনেতা। পরিচালক পথিকৃৎ জানান ‘আমরা যখন প্রথম এই ছবিটা নিয়ে আলোচনা করি যখন প্রথম সোহমদা ছবির গল্প নিয়ে আমার কাছে এসেছিল তখন আমরা প্রথমেই মিঠুনদার কথাই ভেবেছিলাম। মিঠুনদার সেইসময় একটি রিয়েলিটি শোতে কাজ করছিলেন। তার সময় পাওয়া ভীষণ চাপের ছিল তাও আমরা রাজারহাটে গিয়ে কথা বলেছিলাম। মিঠুনদা আমাদের পাঁচ মিনিটের মধ্যে ছবির গল্প শোনাতে বলেছিল। আর ছবির গল্প শুনেই বলেছিলেন অনেকদিন পর একটা ভালো গল্প শুনলাম। বর্তমানে বাংলা চলচ্চিত্রে একই ধরনের গল্প দেখা যায়, সেখানে শাস্ত্রী একদম অন্যধরনের একটা গল্প।’

অন্যদিকে দেবশ্রী রায়ের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর কাজ সেখানে দাঁড়িয়ে কি অন্যরকম কিছু মনে হয়েছে মিঠুন চক্রবর্তীর? অভিনেতার কথায় ‘একদমই না, মনে হচ্ছিল যেনো আমাদের রোজই কথা হচ্ছে রোজই দেখা হচ্ছে। আমাদের মধ্যে সম্পর্কটাই এতটা ঘনিষ্ট। চুমকি দারুণ অভিনেত্রী, তাই আমার পক্ষে কাজ করতে সুবিধা হয়েছে।’ আর শাস্ত্রী বেছে নেওয়ার কারণ হিসেবে অভিনেতা জানান শাস্ত্রী একদম অন্যধরনের একটি ছবি, যেটা জ্যোতিষ এবং জ্যোতিষ এর বিপক্ষে গল্প তুলে ধরবে। আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষ বিশ্বাস করি।’

অভিনেতা আরও বলেন ‘আমার সব কাজের পিছনেই আমি মনে করি ভাগ্য কাজ করে। কঠোর পরিশ্রম এগুলো তো রয়েছেই কিন্তু ভাগ্য সবার আগে। ভাগ্য আগে তোমাকে সুযোগ দেবে তারপর সবকিছু। ন্যাশনাল সুপারস্টার আমার মতন আর কেউ আসেনি। চেষ্টা করেনি কেউ কারণ আমার মতন পাঁকে মুখ দিয়ে কেউ লড়েনি। এখন পয়সায় ভ্যালু কমে গেছে সব ৩০০ কোটি ৪০০ কোটির ছবি হচ্ছে। আমি শুধু চিন্তায় আছি বর্তমান পরিস্থিতিতে কতজন আসবে বলে সিনেমা দেখতে।