গানের দুনিয়ায় নিজের জায়গা তৈরি করা সহজ নয়। কিন্তু সারেগামাপা খ্যাত অঙ্কিতা ভট্টাচার্য সেই কঠিন পথেই এগিয়ে গিয়ে আজ এক নতুন সাফল্যের আসনে বসেছেন। সম্প্রতি তিনি গ্লোবাল এক্সেলেন্স পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার চেয়েও বড় মুহূর্ত ছিল পুরস্কারটি পাওয়া কাজল দেবগণের হাত থেকে। স্বপ্নের নায়িকার কাছ থেকে সম্মান গ্রহণ করে আপ্লুত গায়িকা নিজের আনন্দ সামলাতে পারেননি।
পুরস্কার হাতে নিয়ে সমাজমাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে নেন অঙ্কিতা। লিখেছেন, কাজল ম্যামের হাত থেকে পুরস্কার নেওয়া সত্যিই এক স্বপ্নপূরণের মুহূর্ত। সঙ্গে আরও যোগ করেন, এই পুরস্কারের অংশ হতে পারা তাঁর কাছে অত্যন্ত সম্মানের এবং আনন্দের। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান রাহুল সিংকে, যিনি তাঁকে আমন্ত্রণ করেছিলেন। কৃতজ্ঞতা জানান নিজের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, পরিবার ও ভক্তদের প্রতিও। তাঁর কথায়, “এই পুরস্কার শুধু আমার নয়, আপনাদের সবার। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া আমি এখানে পৌঁছতে পারতাম না। হর হর মহাদেব।”
অঙ্কিতা যে ছবিগুলি শেয়ার করেছেন, তাতে শুধু কাজলের সঙ্গেই নয়, আরও অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা গেছে তাঁকে। কোথাও পুরস্কার হাতে হোটেল রুমে বসে একান্ত মুহূর্তের ছবি তুলেছেন, কোথাও আবার টেবিলে রাখা ট্রফির সঙ্গে খুশির স্মৃতি বন্দি করেছেন। ছবিগুলোতে ফুটে উঠেছে তাঁর আবেগ আর গর্বের অনুভূতি।
সারেগামাপা মঞ্চে বিজয়ী হওয়ার পর থেকেই অঙ্কিতা রাতারাতি পরিচিত নাম হয়ে ওঠেন। তাঁর কণ্ঠে এক ধরনের জাদু আছে, যা শ্রোতাদের মন ভালো করে দেয়। টেলিভিশনের মঞ্চ থেকে শুরু করে অ্যালবাম এবং বড় পর্দা—সব জায়গাতেই তিনি কাজ করেছেন সমান সাফল্যের সঙ্গে।
আরও পড়ুনঃ ‘সেই কারণেই..! স্ত্রী হিসাবে আমি জিরো’ অভিনেত্রী হয়েও রয়ে গেছে অপূর্ণতা, বৈবাহিক সম্পর্ক নিয়ে খোলাখুলি ইন্দ্রানী হালদার!
‘লাজে রাঙা’, ‘কমলা’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘বসন্ত বহিল’—এমন অনেক গান ইতিমধ্যেই শ্রোতাদের প্রিয় হয়ে উঠেছে। গানের পথে তাঁর এই সাফল্যের যাত্রা এখনই থেমে নেই। বরং সামনে আরও নতুন গান, নতুন সুর নিয়ে ভক্তদের চমক দিতে চলেছেন অঙ্কিতা। তাঁর কণ্ঠের শক্তিতে আগামী দিনে বাংলা সঙ্গীত আরও সমৃদ্ধ হবে, এমনটাই আশা ভক্তদের।





