বর্তমান বাংলা সিনেমায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এক বিশেষ জায়গা দখল করে আছেন। গল্পনির্ভর অভিনব ছবি আর সংবেদনশীল উপস্থাপনার জন্য তাঁদের প্রতি দর্শকদের আলাদা টান। এ বছর তাঁদের নতুন ছবি ‘রক্তবীজ ২’ মুক্তির পর আবারও প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। কিন্তু এত সফল পরিচালকদ্বয়ের ছবিতে এখনও পর্যন্ত দেখা যায়নি টলিউডের সুপারস্টার জিৎকে, আর সেই কারণেই উৎসুক ছিলেন অনেকেই।
সম্প্রতি আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে জিৎ খোলাখুলি বললেন, কেন বারবার কথা হয়েও কাজটা হয়ে ওঠে না। তাঁর কথায়, প্রতি বছরই শিবপ্রসাদের সঙ্গে নতুন ছবির বিষয়ে আলোচনা হয়। কখনও গল্প ঠিক জমে ওঠে না, আবার কখনও শিবপ্রসাদের কিছু কথাবার্তা তাঁর মনমতো হয় না। তাই পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ পায় না। তবু দু’জনেই চান একসঙ্গে কিছু করতে, তাই সময়ই বলে দেবে কবে সেই সুযোগ এসে যাবে।
তবে শিবপ্রসাদকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না, তা স্পষ্ট জানিয়ে দিলেন জিৎ। তাঁর মতে, শিবপ্রসাদ অভিনয় করেন ভালোবাসা থেকে, কোনও তুলনা বা প্রতিযোগিতার জায়গা থেকে নয়। তাই এই বিষয়ে তাঁর কোনও সংশয় নেই। দু’জনের কাজের ধরণ আলাদা হলেও পরস্পরের প্রতি সম্মান অটুট।
মজার বিষয়, একসময় শিবপ্রসাদ–নন্দিতা জুটির ‘বহুরূপী’ ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন জিৎ। কিন্তু পরে সিদ্ধান্ত বদলানো হয়। কারণ চরিত্রটির জন্য প্রয়োজন ছিল এমন একজন অভিনেতা, যার চেহারা খুব সাধারণ। সেক্ষেত্রে জিৎকে ‘অতিরিক্ত সুপুরুষ’ বলে মনে হয়েছিল নির্মাতাদের, আর সেই কারণেই তাঁকে আর নেওয়া হয়নি।
আরও পড়ুনঃ শাহরুখের মার্কশিট ভাইরাল! কলেজ জীবনে ছিলেন টপার কিং খান!
এদিকে আগামী বছর মুক্তি পেতে চলেছে জিৎ-এর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। অনন্ত সিং নামে এক বিপ্লবীর জীবন নিয়ে তৈরি এই ছবিতে টোটা রায় চৌধুরীর সঙ্গে তাঁকে একই পর্দায় দেখা যাবে। এবার দর্শক অপেক্ষায় থাকবেন—সুপারস্টারকে শিবপ্রসাদের ছবিতেও কবে দেখা যায়।





