আবারও প্রকাশ্যে এল ‘এরাও মানুষ’ ছবিকে ঘিরে বিতর্ক। প্রযোজক ও পরিচালক (Sai Prakash Lahiri) অভিযোগ করেছেন, অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) শুটিংয়ের জন্য দেওয়া সময় ঠিকমতো পালন করেননি। তাঁর দাবি, ছবির কাজ শেষ করতে আরও দু’দিন প্রয়োজন ছিল, সেই অনুযায়ী ১৫ ও ১৬ মার্চ সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ না করে উল্টে বাড়তি পারিশ্রমিক দাবি করেন অভিনেতা, যার ফলে সমস্যা আরও বাড়ে।
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত প্রযোজনা সংস্থা কঠোর সিদ্ধান্ত নেয়। জীতুকে বাদ দিয়েই বাকি শুটিং শেষ করা হয় এবং ‘বডি ডাবল’ ব্যবহার করা হয়। এমনকি ডাবিংয়েও তাঁকে আর ব্যবহার করা হবে না বলে জানানো হয়েছে। প্রযোজকের দাবি, অভিনেতাকে তাঁর প্রাপ্য সমস্ত পারিশ্রমিক ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে।
এই অভিযোগ সামনে আসতেই পাল্টা বিস্ফোরক মন্তব্য করেন জীতু কমল। তিনি একটি ভিডিও প্রকাশ করে জানান, শুটিং সেটে তাঁকে অপমান করা হয়েছিল। তাঁর কথায়, টেকনিশিয়ানদের সামনে তাঁকে কটু কথা বলা হয়, যা মেনে নিতে পারেননি তিনি। সেই কারণেই কাজ না করার সিদ্ধান্ত নেন বলে দাবি অভিনেতার। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, শিল্পীদের সংগঠন থাকা সত্ত্বেও কেন এ ধরনের ঘটনা ঘটবে।
বিতর্ক এখানেই থেমে থাকেনি। প্রযোজকের তরফে নতুন অভিযোগ, জীতু নাকি গোপনে সেই বচসার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সহকারী পরিচালক Amit Talukdar জানিয়েছেন, তিনি বিষয়টি আগে জানতেন না এবং ব্যক্তিগতভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন। তবে পরে ভিডিও প্রকাশ্যে আসায় তিনিও বিস্মিত হয়েছেন।
আরও পড়ুনঃ শ্যুটিং সামলে ম্যাথস অলিম্পিয়াডে গোল্ড মেডেল! ছোট্ট অনুমেঘার সাফল্যে মুগ্ধ সবাই!
এদিকে বিষয়টি এখন সংগঠনের স্তরেও পৌঁছেছে। আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের কাছে অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। ফোরামের সম্পাদক Shantilal Mukhopadhyay জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে দুই পক্ষকে ডেকে আলোচনা করা হবে। অন্যদিকে ফেডারেশনের সভাপতি Swaroop Biswas-ও জানিয়েছেন, অভিনেতাকেও লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। ফলে এই বিতর্কের সমাধান এখন সংগঠনের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে।





